২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোনাজাতে হাত তুললো লাখো মানুষ

বিশ্বশান্তি কামনায় মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তুরাগ তীরে আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2013, 08:33 AM

Updated : 13 Oct 2022, 02:47 PM

পুরনো খবর:

গণভবন থেকে মোনজাতে শামিল প্রধানমন্ত্রী
টঙ্গীতে আখেরি মোনাজাতে খালেদা

দুপুর ১টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় বিশ্বের মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েতের এ পর্ব।

১৭ মিনিটব্যাপী মোনাজাত পরিচালনা করেন দিল্লির মাওলানা মো. জোবায়রুল হাসান। এর আগে হয় হেদায়াতি বয়ান।

টঙ্গীর পথে শনিবার মধ্যরাত থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচল বন্ধ করে দেয়া হয়। ফলে মোনাজাতে অংশ নিতে মুসুল্লিরা হেঁটে ইজতেমাস্থলে পৌঁছান।

সকাল সাড়ে ৯ টার আগেই ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় মাঠের আশে-পাশের রাস্তা, অলি-গলিতে অবস্থান নেন পূণ্যার্থীরা।

ইজতেমাস্থলে পৌঁছাতে না পেরে কয়েক লাখ পুরানা খবরের কাগজ, পাটি, সিমেন্টের বস্তা ও পলিথিন বিছিয়ে মানুষ সড়কে বসে পড়েন। এছাড়া আশেপাশের ভবনের ছাদে উঠেও দোয়ায় অংশ নেন অনেকে।

আখেরি মোনাজাত উপলক্ষে রোববার এ এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানাসহ বিভিন্ন অফিস-আদালতে ছুটি ঘোষণা করা হয়।

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বঙ্গভবনের দরবার হল থেকেই টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেন।

গণভবন থেকে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টঙ্গীর এটলাস হোন্ডা ভবনের ছাদে বসে মোনাজাতে অংশ নেন বিরোধী দলের নেতা খালেদা জিয়া।

এছাড়া টঙ্গীর টেলিফোন শিল্পসংস্থার মাঠে অবস্থিত পুলিশ কন্টোলরুমে মোনাজাতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সংদস সদস্য জাহিদ আহসান রাসেল, আ ক ম মোজাম্মেল হক ও আওয়ামী লীগের  কেন্দ্রীয় নেতা আমির হোসেন আমু।

সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুও ইজতেমাস্থলে মোনজাতে অংশ নেন।

এবারও তাবলিগ জামাতের শীর্ষ ‘মুরুব্বিরা’ রেডিও ও টেলিভিশনে আখেরি মোনাজাত সরাসরি সম্প্রচারের অনুমতি দেননি। ক্যামেরায় মুরুব্বিদের ছবি তোলাও বারণ করে দিয়েছে ইজতেমা কর্তৃপক্ষ।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন শনিবার বাদ আসর প্রায় শত জোড়া বর-কনের বিয়ে সম্পন্ন হয়।

আগামি শুক্রবার শুরু হবে ইজতেমার তিন দিনব্যাপী দ্বিতীয় পর্যায়।

আরো মুসল্লীর মৃত্যু

ইজতেমা ময়দানে শনিবার রাতে আরো ৬ মুসল্লির মৃত্যু হয়েছে।

এরা হলেন-  ভারতের কলকাতার চব্বিশ পরগনার মো. রফিক উদ্দিন (৬৩), ফরিদপুরের বোয়ালমারী থানার মৈন্দা গ্রামের আলাউদ্দিন শেখ (৫০), যশোরের মনিরামপুর থানার তেতুলিয়া এলাকার সৈয়দ আলী খান (৭০), রংপুরের খলিলুর রহমান (৮০), চাঁদপুরের উত্তর দাজদি এলাকার আবুল খায়ের পাটোয়ারি (৫৫) এবং যশোরের আনসার আলী মিস্ত্রি।

মাসলেহাল জামাতের জিম্মাদার মো. আদম আলী জানান, রোববার ফজরের নামাজের পর এদের জানাজা হয়। এ নিয়ে গত তিন দিনে ইজতেমায় আসা ১২ মুসল্লির মৃত্যু হয়েছে।

বিশেষ বাহন

টঙ্গী রেলওয়ে স্টেশনের কর্মকর্তা আবু তাহের জানান, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে আখাউড়া, কুমিল্লা ও ময়মনসিংহসহ বিভিন্ন রুটে ১৪টি বিশেষ ট্রেন চালুর ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এছাড়া আখেরি মোনাজাতের আগে ও পরে সব ট্রেন টঙ্গী স্টেশনে যাত্রা বিরতি করবে।

গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন জানান, শনিবার রাত ১২টা থেকে রোববার আখেরি মোনাজাতের সময় পর্যন্ত টঙ্গী কলেজ গেইট থেকে কুড়িল বিশ্বরোড, সাভারের বাইপাইল থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি ছাড়া সাধারণ যানবাহন চলাচল বন্ধ থাকবে।

তবে আখেরি মোনাজাত উপলক্ষে রোববার সকাল থেকে গাজীপুরের চান্দনা-চৌরাস্তা এলাকা থেকে ইজতেমাস্থল পর্যন্ত মুসল্লীদের সুবিধার্থে ৫০টি বিআরটিসি বাস ও ব্যক্তি মালিকানাধীন ৫০টি (ইজতেমার স্টিকার লাগানো) শাটল বাস চলাচল করছে।