তাপমাত্রা বাড়ছে ধীরে ধীরে
দেশের সর্বত্র বাতাসে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। তবে ঘন কুয়াশায় বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আরো কয়েকদিন অব্যাহত থাকবে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে।
মৌসুমের তৃতীয় দফা শৈত্যপ্রবাহে গত বৃহস্পতিবার রেকর্ড করা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস, সৈয়দপুরে। শুক্রবার থেকে তা ধীরে ধীরে বাড়তে থাকে।
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ঈশ্বরদীতে রেকর্ড করা হয় ৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঈশ্বরদী, কুষ্টিয়া, যশোর ও শ্রীমঙ্গল অঞ্চলসহ রংপুর বিভাগের উপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ এবং দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়, রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫-৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মাঝরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশা এবং অন্যত্র মাঝারী থেকে ঘন কুয়াশা হতে পারে।
