হাতিবান্ধায় শিক্ষক খুন, ভাই-ভগ্নিপতি গ্রেপ্তার
লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় শিক্ষককে খুনের অভিযোগে তার ভাই ও ভগ্নিপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে গ্রেপ্তাররা হলেন নিহত আনোয়ার হোসেনের ছোট ভাই সাখাওয়াত হোসেন (৩০) ও ভগ্নিপতি ওই এলাকার মনিরুজ্জামানের ছেলে নুর ইসলাম (৩৫)।
শনিবার আদালতে হাজির করলে তাদের জেল হাজতে পাঠানো হয়।
শুক্রবার সকালে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের মধ্যম কাদমা গ্রামের নিজ বাড়ি থেকে পাঁচ মাইল দূরে আনোয়ার হোসেনের (৪০) লাশ পাওয়া যায়। তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
হাতিবান্ধা থানার ওসি তাপস সরকার সাংবাদিকদের বলেন, শুক্রবার সন্ধ্যায় নিহত শিক্ষকের স্ত্রী আছমা বেগম বাদী হয়ে সাত জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওইদিন রাত ২টার দিকে সাখাওয়াত ও নুর ইসলামকে মধ্যম কাদমা গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
জমি-জমা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকান্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আনোয়ার হোসেন লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বাসিন্দা হলেও শিক্ষকতা করতেন কালীগঞ্জ উপজেলার গাগলারপাড় উচ্চ বিদ্যালয়ে। বৃহস্পতিবার সন্ধ্যার পর তিনি নিখোঁজ হন। শুক্রবার সকালে তার লাশ পাওয়া যায়।
