বাহরাইনে নিহতদের ১০ জন বাংলাদেশি
বাহরাইনে একটি ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন বিদেশি শ্রমিক নিহত হয়েছেন, যার মধ্যে অন্তত ১০ জন বাংলাদেশি।
নিহত বাংলাদেশিরা হলেন- চট্টগ্রামের বোয়ালখালীর চরখিজিপুর এলাকার সগির আহমেদের ছেলে নাজির আহমেদ, পটিয়া উপজেলার বাতুয়া গ্রামের হাজি রশিদ আহমেদের ছেলে মাহবুব আলম, একই উপজেলার মারিপাড়া গ্রামের আবদুল আজিজের ছেলে জামাল, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের গোয়ালী গ্রামের নাছির মিয়ার ছেলে জসিম, একই উপজেলার কাইতলা গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে সাইফুল ইসলাম ওরফে সবুজ এবং স্বপন, একই উপজেলার গৌরিগ্রামের আবুল বাশারের ছেলে আনোয়ার, চাঁদপুরের কচুয়া উপজেলার নওয়াপাড়ার আলমের দুই ছেলে শাহাদাত এবং টিটো মিয়া ও নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কাশীপুর গ্রামের আবদুর রহিমের ছেলে ওসমান গনি।
মানামার বাদশা হামাদ মেডিকেল হাসপাতাল থেকে বাংলাদেশ মিশন বেসরকারিভাবে এসব তথ্য সংগ্রহ করেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার বিভাগের মহাপরিচালক শামীম আহসান শনিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতদের মধ্যে অন্তত ১০ জন বাংলাদেশি রয়েছেন বলে তারা জানতে পেরেছেন। আহত হয়েছেন আরো দুই জন।
শামীম বলেন, বাহরাইনে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।
শুক্রবার স্থানীয় সময় বিকালে রাজধানী মানামার মুকারকা এলাকার তিনতলা একটি ভবনে আগুন লাগে, যে ভবনটিতে বাংলাদেশ ও পাকিস্তানের কর্মীরা থাকতো বলে বিবিসি জানিয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, ভবনটির ২৮টি কক্ষের ২৫টিতেই থাকতেন বাংলাদেশিরা, বাকি তিনটিতে থাকেন পাকিস্তানিরা।
বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। বাহরাইনি কর্মকর্তারা এর তদন্ত চালাচ্ছে।
বাহরাইনের দৈনিক গালফ ডেইলি নিউজ জানিয়েছে, ওই ভবনের ১৩ জন পুড়ে মারা গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অগ্নিনির্বাপক বাহিনীর এক সদস্য।
অগ্নিকাণ্ডের পর ভবনের ছাদ ধসে পড়ে বলে পত্রিকাটি জানায়। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাহরাইনের সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত মহাপরিচালক জানান, স্থানীয় সময় বেলা পৌনে চারটায় মুখারকা এলাকায় আগুনের খবর পান তারা। পাঁচ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে কয়েকেজনকে উদ্ধার করে এবং আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পাবলিক প্রসিকিউশনের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়েছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সালমান আল খলিফা আহত ও মৃতদের পরিবারকে সব ধরনের সহায়তা দেয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন।
বাহরাইনে বিপুল সংখ্যক বিদেশি কর্মী রয়েছে। ২০১০ সালের আদমশুমারি অনুযায়ী এই সংখ্যা সাড়ে ৬ লাখের বেশি, যেখানে মোট জনসংখ্যা সাড়ে ১২ লাখের কম।
এর আগে ২০০৬ সালে গুদাইবিয়ায় এক অগ্নিকাণ্ডে ১৬ জন শ্রমিক মারা যায়।
