ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
দেশে ‘ক্রমবর্ধমান’ ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নোয়াখালীতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তা বন্ধে আইনের যাথাযথ প্রয়োগ দাবি করেছেন।
বৃহস্পতিবার সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ থেকে ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বক্তারা বলেন, গত এক সপ্তাহে দেশের বিভিন্ন গণমাধ্যমে ৭টিরও বেশি ধর্ষণের ঘটনা প্রকাশিত হয়েছে। গণমাধ্যমে প্রকাশ পায়নি এমন আরও অসংখ্য নারী-নিগ্রহের ঘটনা প্রতিনিয়তই ঘটছে।
সমাবেশে বলা হয়, ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর থেকে নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ কনভেনশন (সিডও) কার্যকর থাকলেও বাস্তবে নারীর প্রতি বৈষম্য ও নির্যাতন এখনো বন্ধ করা যায়নি। বরং সামাজিক অবস্থা ভেদে নারীর প্রতি সহিংসতা এবং নির্যাতনের ধরণ পরিবর্তিত হয়ে এক নতুন মাত্রা ধারণ করেছে।
একদিকে প্রাপ্ত ও অপ্রাপ্ত বয়স্ক নারী ধর্ষিত হচ্ছে, অনেক ক্ষেত্রেই ধর্ষকরা সামাজিক প্রভাব ও আইনের ফাঁক-ফোকর দিয়ে শাস্তি থেকে রেহাই পেয়ে যাচ্ছে।অপরদিকে প্রচলিত আইনকে পাশ কাটিয়ে বাল্য বিবাহের ঘটনাও অপ্রাপ্ত বয়স্ক নারীদের নির্যাতনের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা।
সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র, নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, সুশাসন ও মানবাধিকার কমিটি, পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশন নেটওয়ার্ক- প্রান যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, আইনজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. সলিম উল্যাহ, কল্পনা রাণী দাস, পপি রহমান, রৌশন আক্তার লাকী, গান্ধী আশ্রম ট্রাস্ট্রের পরিচালক রাহা নব কুমার, প্রানের নির্বাহী প্রধান নুরুল আলম মাসুদ, গোলাম আকবর, জাতীয় যুব জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাছের মঞ্জু।
সাম্প্রতি ভারতের রাজধানী নয়া দিল্লিতে এক মেডিকেল শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়ে মারা যান। এ ঘটনায় সারা ভারতে প্রতিবাদ-বিক্ষোভের পাশাপাশি সারা বিশ্বের সংবাদমাধ্যমে ওই ঘটনা শিরোনাম হয়। এ সময়েই ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইলে কয়েকজন নারী ধর্ষিত হন।
সাতক্ষীরা: সকাল ১১টায় সুপ্র জেলা কমিটির উদ্যোগে শহরের নিউ মার্কেটের সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে মানববন্ধন করেন নাগরিকরা।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ভিশনের নির্বাহী পরিচালক অপারেশ পাল, ক্রিসেন্টের নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিকী, সাংবাদিক ও উন্নয়নকর্মী ফারুক রহমান, উন্নয়নকর্মী শারমিন সুলতানা মুনমুন, শ্যামল কুমার বিশ্বাস, লুইস রানা গাইন, রূপা মিত্র, সাকিবুর রহমান, শরীফ আহমেদ, সিরাজুন সঞ্জু প্রমুখ।
