২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গাপুরে ‘অপহরণের’ সময় ২ পুলিশকে পিটুনি

রাজশাহীর দুর্গাপুরে এক ব্যক্তিকে ‘অপহরণের’ সময় দুই পুলিশকে পিটুনি দিয়েছে জনতা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 03:59 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

বৃহস্পতিবার উপজেলার জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা পিটুনি দিয়ে ওই দুই পুলিশ সদস্যকে আটকে রাখে। প্রায় পাঁচ ঘণ্টা পর দুপুর ১টার দিকে উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ, দুর্গাপুর থানার ওসি সাইফুল ইসলামসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়ে তাদের ছাড়িয়ে নেন।

জনতার পুলিশ সদস্যরা হলেন, দুর্গাপুর থানার এসআই সাইদুল ইসলাম ও কনস্টেবল আলামীন কবীর।

এ বিষয়ে রাজশাহী পুলিশ সুপার তৌফিক মাহবুব চৌধুরী বলেন, একটি মামলার ইনফরমেশন স্লিপ দিতে গেলে লোকজন অপহরণকারী মনে করে মারধর করে তাদের আটক করে রাখে। পরে থানা থেকে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে।

কিন্তু তারা কোন মামলার ইনফরমেশন স্লিপ দিতে গিয়েছিল সে ব্যাপারে কিছু জানাতে পারেননি তিনি।

স্থানীয় ইউপি সদস্য ইব্রাহীম বলেন, জয়নগর গ্রামের নুরুল ইসলাম ও ছালামের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

ছালাম স্থানীয় থানার দালাল মইদুল ইসলামের সহযোগিতায় সকাল ৮টার দিকে সাদা পোশাকে তিন পুলিশ নিয়ে নুরুল ইসলামের বাড়িতে যায়। এ সময় নুরুল ইসলাম বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে ছিলেন। সেখান পুলিশ সদস্যরা নুরুল ইসলামকে আটক করে মারধরের পর তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

বিষয়টি জানার জন্য তিনিসহ কয়েকজন এগিয়ে এলে পুলিশ তাদের ওপরও চড়াও হয়।

নুরুল ইসলামকে কেন আটক করা হচ্ছে- জানতে চাইলে পুলিশ সদস্যরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওয়ারেন্ট আছে বলে জানায়। কিন্তু তারা ওয়ারেন্টের কোনো কাগজপত্র দেখাতে পারেনি।

এ অবস্থায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে দুই পুলিশকে ধরে পিটুনি দিয়ে একটি ঘরে আটকে রাখে।

দুর্গাপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, স্থানীয় লোকজন অপহরণকারী ভেবে দুই পুলিশ সদস্যকে আটক করেছিল। পুলিশ সদস্যদের সঙ্গে থাকা এক লোককে এলাকাবাসী পছন্দ করে না। এ কারণে এ ঘটনাটি ঘটেছে।