২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেএমইএ কার্যালয়ের সামনে শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের একটি সোয়েটার কারখানায় ছাঁটাই বন্ধসহ সাত দফা দাবিতে বিকেএমইএ কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 03:40 PM

Updated : 25 Apr 2022, 06:15 PM

বৃহস্পতিবার সকালে শহরের চাষাঢ়ায় বিকেএমইএ’র প্রধান কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ছাঁটাইকৃতদের পুনর্বহালসহ দাবি মেনে নিতে তিন দিনের আল্টিমেটাম দেয় শ্রমিকরা। এ সময় বিপুল সংখ্যক পুলিশ সমাবেশস্থলে মোতায়েন ছিল।

শহরের চাষাঢ়া বালুরমাঠ এলাকাতে ফুজি নিটওয়্যার কারখানার নিটিং অপারেটর নুরুল হক ও জুয়েলের অবৈধ ছাঁটাই প্রত্যাহার, বে-আইনিভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ, সাপ্তাহিক ছুটি ও জাতীয় দিবসে ছুটিসহ প্রাপ্ত সব ছুটি কার্যকর করা, বাধ্যতামূলক ওভারটাইম বন্ধ, ৮ ঘণ্টা বেসিক কার্যকর করা, মিড ম্যানেজম্যান্টের অব্যবস্থাপনা দূর করা, মাতৃত্বকালীন ছুটি এবং ভাতা নিশ্চিত করাসহ বেসিক বেতন ৫১০০ টাকা করার দাবিতে শ্রমিকরা কর্মবিরতি শুরু করে।

এক পর্যায়ে শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চাষাঢ়া বিকেএমইএ কার্যালয়ের সামনে অবস্থান নেয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘন্টা শ্রমিকরা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

সমাবেশে দাবি মেনে নেয়ার জন্য কারখানার মালিককে তিন দিনের আল্টিমেটাম দেন শ্রমিকরা।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক সংহতির আহ্বায়ক অঞ্জন দাস, যুগ্ম আহবায়ক বাবলা হোসেন, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সমন্বয়ক তরিকুল সুজন, ছাত্র  ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদ সুজন ও ফুজি গার্মেন্টের শ্রমিকেরা।

এ ব্যাপারে বিকেএমইএ’র লেবার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জিএম ফারুক জানান, সমস্যা সমাধানে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

অবশ্য বিক্ষোভ মিছিল হলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি।