২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবহন ভাড়া নির্ধারণ আগামী সপ্তাহে

জ্বালানি তেলের মূল্যে বৃদ্ধির প্রেক্ষাপটে আগামী সপ্তাহে পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের বিষেয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন যোগযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 10:49 AM

Updated : 25 Apr 2022, 06:15 PM

বৃহস্পতিবার রেলভবনে এক বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকের বলেন, “আগামী সপ্তাহে ভাড়া বৃদ্ধি সংক্রান্ত কস্টিং কমিটির বৈঠক হবে। বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।”

মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে বৈঠকের ভিত্তিতেই সরকার বিষয়টির ফয়সালা করবে জানিয়ে মন্ত্রী বলেন, “কমিটির চূড়ান্ত সিদ্ধান্তের পরই জানা যাবে ভাড়া বাড়বে কি না।”

সরকার গত ৩ জানুয়ারি পেট্রোল ও অকটেন লিটারে ৫ টাকা করে এবং ডিজেল ও কেরোসিন লিটারে ৭ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়ার পর ওইদিন মধ্যরাত থেকেই তা কার্যকর হয়।

নতুন দর অনুযায়ী, ডিজেল ৬৮ টাকা, কেরোসিন ৬৮ টাকা, অকটেন ৯৯ টাকা এবং পেট্রোল ৯৬ টাকায় বিক্রি হচ্ছে।

তেলের দাম বৃদ্ধির পর পণপরিবহনের নতুন ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত না হলেও রাজধানীতে বাসযাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়।  

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, “আমরা খোঁজ খবর নিয়ে দেখব।”

সর্বশেষ ২০১২ সালের ১ জানুয়ারি দূরপাল্লার (আন্তঃজেলা) বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা করে বাড়ানো হয়। সেই হিসাবে এখন প্রতি কিলোমিটারে বাসের সরকার নির্ধারিত ভাড়া হলো ১ টাকা ৩৫ পয়সা।

আর শহর এলাকায় চলাচলকারী বাস, অটোরিকশা ও ট্যাক্সির মতো গণপরিবহনের ভাড়া বৃদ্ধির সর্বশেষ ঘোষণা আসে ২০১১ সালের ২০ সেপ্টেম্বর।

সে সময় বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি পাঁচ পয়সা বাড়িয়ে এক টাকা ৬০ পয়সা ও এক টাকা ৫০ পয়সা নির্ধারণ করা। আর বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয় সাত টাকা , মিনিবাসে পাঁচ টাকা।

একই সময়ে সিএনজিচালিত অটোরিকশায় প্রথম দুই কিলোমিটারের পর থেকে কিলোমিটার প্রতি ভাড়া ১৪ পয়সা বাড়িয়ে সাত টাকা ৬৪ পয়সা করা হয়। আর বিরতিকালের ভাড়া বাড়িয়ে করা হয় প্রতি মিনিটে এক টাকা ৪০ পয়সা।