২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নির্মল দা ছিলেন আমাদের অধিনায়ক’

বাম রাজনীতিক ও সাংবাদিক নির্মল সেনের প্রতি জাতীয় প্রেস ক্লাবে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সাংবাদিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 08:27 AM

Updated : 26 Jul 2022, 02:59 PM

বৃহস্পতিবার সকাল ১০টায় তোপখানা রোডের কার্যালয় থেকে জাতীয় প্রেস ক্লাবে নিয়ে আসা হয় তার মরদেহ। অস্থায়ীভাবে নির্মিত কালো কাপড়ে ঢাকা একটি মঞ্চে তার মরদেহ রাখার পর সর্বস্তরের সাংবাদিকরা তাদের প্রয়াত সহকর্মীর প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।

ফুসফুসে সংক্রমণ নিয়ে অসুস্থ অবস্থায় বেশ কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পর গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সভাপতি নির্মল সেন।

প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ শ্রদ্ধাপত্র পাঠ করে প্রেস ক্লাবের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানান। এই ক্লাবের আজীবন সদস্য ছিলেন নির্মল সেন।

অখণ্ড সাংবাদিক ইউনিয়নে সভাপতি কামাল লোহানী বলেন, “নির্মল দা ছিলেন আমাদের অধিনায়ক। সারাজীবন তিনি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ও মেহনতি মানুষের পক্ষে কথা বলে গেছেন।”

“নির্মল সেন অসাম্প্রদায়িক বাংলাদেশ ও যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছিলেন। তার মৃত্যুতে সাংবাদিকতা পেশার অপুরণীয় ক্ষতি হয়েছে। এটা কখনো পূরণ হবে না।”

অখণ্ড সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, “সাংবাদিকদের প্রবাদ পুরুষ, কিংবদন্তী নেতা ছিলেন প্রিয় নির্মল দা।”

বাংলাদেশের অভ্যুদয়ের পর অগোছালো সাংবাদিকতা পেশা তার নেতৃত্বে সংগঠিত হয়ে উঠেছিল বলে উল্লেখ করেন তিনি।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সুবহান চৌধুরী বলেন, “সাগর-রুনির রক্তের ওপর দাঁড়িয়ে আমরা যে আন্দোলনের সূচনা করেছিলাম সেখানে হুইল চেয়ারে বসে নির্মল দা আমাদের কর্মসূচিতে যোগ দিয়ে সাহস যুগিয়েছিলেন।”

“তার মৃত্যুতে আমাদের অঙ্গীকার হবে, সাংবাদিকদের ঐক্য পুনঃপ্রতিষ্ঠা করা। আসুন আমরা আজ এই শপথগ্রহণ করি।”

এরপর পর্যায়ক্রমে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক মহাসচিব আলতাফ মাহমুদ,  ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের অপর অংশের বর্তমান সভাপতি ওমর ফারুক, জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি কাজী রওনক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গনি চৌধুরী প্রমুখ নির্মল সেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন।

ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব, জাতীয় প্রেস ক্লাব কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নির্মল সেনের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

এছাড়া প্রবীণ সাংবাদিক সৈয়দ দিদার বখত, ডিপি বড়ুয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আহ্বায়ক সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নুরুল হক চৌধুরী মেহেদী, জাসদ যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন আখতার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ড. আবদুল জলিল, এফডিসির মহাপরিচালক পিযূষ বন্দ্যোপাধ্যায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান নির্মল সেনের প্রতি।

এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তার কফিন নেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। শেষ ইচ্ছা অনুযায়ী,  তার মরদেহ সেখানেই গবেষণার জন্য থাকবে।

অকৃতদার নির্মল সেনের বয়স হয়েছিল ৮২ বছর। তার জন্ম ১৯৩০ সালের ৩ অগাস্ট গোপালগঞ্জের কোটালীপাড়ায়।

২০০৩ সালে ব্রেইনস্ট্রোক হলে দেশ ও বিদেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা নেন এই সাংবাদিক।  এরপর থেকে তিনি কোটালীপাড়ার দীঘিরগ্রামে নিজের বাড়িতেই ছিলেন।

১৯৫৯ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকায় কাজের মধ্য দিয়ে নির্মল সেনের সাংবাদিকতা জীবন শুরু। এর পর দৈনিক আজাদ, দৈনিক পাকিস্তান ও দৈনিক বাংলায় কাজ করেন তিনি। দৈনিক বাংলা বিলুপ্তির পর পাওনা আদায়ে অনশনে বসেছিলেন তিনি।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন নির্মল সেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে অতিথি শিক্ষকও ছিলেন তিনি।

পুরনো খবর:

শেষবার দলীয় কার্যালয়ে নির্মল সেন
নির্মল সেন নেই