বিকল্প গ্রাউন্ড হ্যান্ডলিং চায় বেবিচক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকল্প গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট নিয়োগের কথা ভাবছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ(বেবিচক)।
বিমানের একটি সংগঠনের ধর্মঘটে প্রায় ৫ ঘণ্টা কার্যক্রম বন্ধ থাকার পর মঙ্গলবার দুপুর ২টায় সচল হয় বিমানবন্দর। এরই পরিপ্রেক্ষিতে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজে বিকল্প এজেন্টের প্রয়োজনীয়তা জানিয়ে ওই দিনই বিমান মন্ত্রণালয়কে চিঠি দেয় বেবিচক।
বেবিচকের ওই চিঠিতে বলা হয়, এ ধরনের জরুরি পরিস্থিতি মোকাবেলায় এবং উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ নিরবচ্ছিন্ন করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও অন্যান্য এজেন্সিকে অনুমতি দেয়ার বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনা করা প্রয়োজন।
শাহজালালে প্রতিদিন দেশীয় চার বিমান সংস্থার প্রায় ৫০টি ছাড়াও ১৮টি দেশের ২৫টি বিমানসংস্থার প্রায় ১০০টি উড়োজাহাজ ওঠানামা করে।
একদিন আগের ওই ধর্মঘটে ফ্লাইট বিপর্যয়ে পড়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ২৪টি ফ্লাইট, এতে ভোগান্তির শিকার হন প্রায় চার হাজার যাত্রী।
বিকল্প গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের এজেন্ট নিয়োগের বিষয়ে বেবিচকের ওই বক্তব্যে সায় দিয়েছেন বিমান পরিচালনা পর্ষদের সাবেক সদস্য এবং এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলমও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বেবিচকের এ ধরনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। এ ধরনের উদ্যোগ আরো আগেই নেয়া উচিত ছিলো। এখন যতো তাড়াতাড়ি বাস্তবায়ন হয় ততোই মঙ্গল।”
“গত মঙ্গলবার আমরা দেখেছি একটি মাত্র প্রতিষ্ঠানের কাছে বিমানবন্দরের সমস্ত কার্যক্রম কতটুকু জিম্মি। আমাদের বিমানবন্দরের সমস্ত কার্যক্রম আন্তর্জাতিক মানের। কিন্তু আমরা শুধু একটি জায়গায় যাত্রীদের অভিযোগ পাই আর সেটি হচ্ছে গ্রাউন্ড হ্যান্ডলিং। আর এটি হয়েছে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিমানের এক চেটিয়া অধিকারের কারণে।”
এক বা একাধিক দেশি বা বিদেশি এজেন্টকে নিয়োগ করা হলে এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব বলে মনে করেন এই বিশেষজ্ঞ।
অবশ্য গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজে বিদেশি সংস্থা চান না বেসরকারি বিমান কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী।
তার মতে, বিদেশি কোন সংস্থাকে দায়িত্ব না দিয়ে বরং দেশীয় সংস্থাগুলোকে কাজে লাগানো যেতে পারে।
“সরকার যদি বিকল্প কোন এজেন্ট নেওয়ার কথা চিন্তা করে থাকে তাহলে কোন বিদেশি সংস্থাকে দায়িত্ব না দিয়ে দেশীয় সংস্থাকে দায়িত্ব দেওয়াটা বেশি যুক্তিযুক্ত হবে বলে আমি মনে করি “
একাজে নিজেদের পূর্ণাঙ্গ প্রস্ততি রয়েছে জানিয়ে তাসবিরুল আহমেদ বলেন, “এর জন্য আমারা (ইউনাইটেড) প্রস্তুত। এ ধরনের কাজ পরিচালনার জন্য আমাদের সমস্ত সরঞ্জাম ও লোকবল রয়েছে।”
এ বিষয়ে কথা বলতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোসাদ্দেক আহমেদের মোবাইল ফোনে বুধবার সন্ধ্যায় কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
বিমানের অর্থবিভাগের হিসাব মতে, শুধু গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ করে বিমান ২০১১-১২ অর্থবছরে আয় করে প্রায় সাড়ে ৪শ’ কোটি টাকা। আর এর আগের বছর আয় ছিলো প্রায় তিনশ’ ২০ কোটি টাকা।
