২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজরীনে প্রাণহানি: তদন্তে সিআইডি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2013, 03:18 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের প্রাণহানিতে কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।

অগ্নিকাণ্ড তদন্তে গঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটির সুপারিশে এই দায়িত্ব পেয়েছে তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বুধবার সাংবাদিকদের বলেছেন, এই সংস্থার তদন্তে অভিযোগের প্রমাণ পেলে মালিকসহ অন্যদের ছাড় দেয়া হবে না।

গত ২৪ নভেম্বর রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের তাজরীন ফ্যাশনস ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১১১ শ্রমিকের মৃত্যু হয়, এর মধ্যে ৫৩ জনের লাশ সনাক্ত করা যায়নি। ডিএনএ নমুনা নিয়ে তাদের জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে।

এত প্রাণহানির জন্য কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করে একে ‘হত্যাকাণ্ড’ আখ্যায়িত করছে শ্রমিক সংগঠনগুলো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনে কারখানা কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে।

ওই ঘটনায় মালিকের অবহেলার অভিযোগ রয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হবে কি না জানতে চাইলে- মন্ত্রী বলেন “বিষয়টি তদন্তনাধীন। সিআইডিকে দায়িত্ব দেয়া হয়েছে। অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থাপনার সাথে জড়িত শুধু মালিক নয়, জড়িত সকলের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।”

সভায় তিন সিদ্ধান্ত

পর্যালোচনা সভায় তিনটি সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রথমটি হলো নাশকতামূলক অগ্নিকাণ্ডের দ্রুত তদন্ত করার নির্দেশ দেয়া হয়েছে এবং দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মহীউদ্দীন খান আলমগীর বলেন, এই ঘটনার পর অন্য দুটি কারখানায় অগ্নিকাণ্ডের চেষ্টা করা হয়েছিল, ভবিষ্যতে এভাবে বাইরে থেকে এসে কেউ যেন এ ধরনের কাজ করতে না পারে সেজন্য মালিক ও নিরাপত্তাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে।

দ্বিতীয় সিদ্ধান্ত হলো কারখানাগুলোকে জাতীয় সম্পত্তি বিবেচনা করে এ ধরনের শিল্পের সুনাম বজায় রাখতে এমন কোন কথা বলা যাবে না যাতে এ শিল্পের স্বার্থ নষ্ট হয়।

কারখানাগুলোর নিরাপত্তার সার্বিক বিষয়গুলো তদন্তের জন্য পাঁচ সদস্যর কমিটি গঠন করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, কমিটি আগামী তিন মাসের ভেতর সরেজমিন জরিপের ভিত্তিতে শিল্পকারাখানাগুলোর নিরাপত্তার বিষয়ে কি কি পদক্ষেপ নিয়েছে তা জানাবে।

এছাড়া যারা পদক্ষেপ নেয়নি তাদের অবহিত করা হবে এবং না করলে তাদের বিরুদ্ধে যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা করা হবে বলেও জানান মন্ত্রী।

অগ্নিনির্বাপক বিভাগ, বিজিএমইএ, বিকেএমইএ, শিল্প পুলিশ, শ্রম অধিদপ্তর নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

ঘটনার পেছনে সম্ভাব্য তিন কারণ


তাজরীনের ঘটনার পেছনে সম্ভাব্য তিন কারণ রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এই শিল্প এগিয়ে যাওয়ার বিষয়টি সম্ভবত কেউ কেউ পছন্দ নাও করতে পারে এবং তারা এ ধরনের অপচেষ্টা চালাতে পারে।


“দ্বিতীয়ত যদি অপপ্রতিযোগিতা মূলক মানসিকতায় আশেপাশে কম উৎপাদন গার্মেণ্টস মালিকরা কাউকে পেছনে হটিয়ে সামনে এগিয়ে নিতে এ ঘটনা ঘটাতে পারে তা বিবেচনা করতে হবে।”

“তৃতীয়ত শ্রমিক সংগঠনগুলো পারস্পরিক প্রতিহিংসার ভিত্তিতে কেউ যদি আরো ব্যাপারে অপপদক্ষেপ গ্রহণ করে এমন হয়েছে কি না তাও দেখা হচ্ছে।”