২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইছামতী ভরাট বন্ধে সময় ৪৮ ঘণ্টা

পাবনার বেড়া উপজেলার ইছামতী নদী (হুড়াসাগর নদী) ও বরপিট জলাশয়ে সব ধরনের ভরাট কাজ, জমি দখল এবং উন্নয়ন প্রকল্পের কার্যক্রম ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

সুলাইমান নিলয়

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2013, 12:13 PM

Updated : 25 Apr 2022, 06:14 PM

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বুধবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ এ বিষয়ে রুল জারি করে অন্তর্বর্তীকালীন এই আদেশ দেয়।

পাবনার জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, বেড়া পৌরসভার মেয়র, বেড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদালতের এই আদেশ বাস্তবায়ন করে দুই সপ্তাহের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গণমাধ্যম বা আদেশের অনুলিপি যেভাবেই হোক, বিবাদীরা এই আদেশের বিষয়বস্তু জানামাত্রই এই ৪৮ ঘণ্টা গণনা শুরু হবে।”

আদালত একইসঙ্গে ইছামতী নদী ও বরপিট জলাশয় রক্ষায় বিবাদীদের নিষ্ক্রিয়তা/ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে।

একইসঙ্গে ওই এলাকায় মাটি ভরাট, অবৈধ দখল এবং উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন বন্ধে কেন নির্দেশ দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয়।

অন্য এক রুলে আদালত জানতে চায়, ওই এলাকায় ভরাট করা সব মাটি নিজ খরচে অপসারণে বেড়া পৌরসভার মেয়র, বেড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে কেন নির্দেশ দেয়া হবে না।

স্থানীয় সরকার সচিব, পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, পাবনার জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, বেড়া পৌরসভার মেয়র, বেড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, বেড়া থানার ওসিকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে ওই সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী গত সোমবার রিট আবেদনটি করেন।

শুনানিতে মনজিল মোরসেদ বলেন, পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এবং জলাধার আইন-২০০০ এর বিধান অনুসারে জলাশয় ভরাট ও নদী ভরাট বেআইনি। তা সত্ত্বেও স্থানীয় পৌরসভা ও উপজেলা প্রকৌশলী একটি চুক্তি স্বাক্ষর করে অবৈধভাবে বিভিন্ন চাষযোগ্য জমি এবং নদীর এলাকা বেআইনিভাবে দখল করে চলছে।