২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটে যাত্রীভোগান্তি শাহজালালে

সাত দফা দাবিতে এ ধর্ঘট পালন করে বিমান শ্রমিকলীগ। বিমানমন্ত্রী ফারুক খানের আশ্বাসে দুপুর ২টায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসে।

নিজস্ব প্রতিবেদক

মামুনুর রশীদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 05:11 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মচারীদের একটি সংগঠনের ডাকা ধর্মঘটে ভোগান্তিতে পড়েন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের প্রায় চার হাজার যাত্রী।

মঙ্গলবার সকাল থেকে চলা এ ধর্মঘটের কারণে প্রায় পাঁচ ঘণ্টা উড়োজাহাজ ওঠা নামা বন্ধ ছিল। বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংসহ যাত্রীসেবা কার্যক্রম বন্ধ থাকায় কার্যত অচল হয়ে পড়ে দেশের প্রধান বিমানবন্দর। শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়ে বিভিন্ন এয়ারলাইন্সের প্রায় ২৪টি উড়োজাহাজ।

ঢাকা থেকে সৌদি আরবগামী যাত্রী ব্রাক্ষণবাড়িয়ার আবু বক্করের সাত জানুয়ারি রাত ৮টায় বাংলাদেশে বিমানের একটা ফ্লাইটে যাত্রা শুরুর কথা থাকলেও শিডিউল বিপর্যয়ে তার ফ্লাইট বাতিল হয়। পরে সময় নির্ধারিত হয় আট জানুয়ারি সকাল ১০টায়।

মঙ্গলবার সকাল ১১টার দিকে বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের সামনে ধর্মঘটের বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি ক্ষুব্ধকেণ্ঠে বলেন, “রাত থেকে মালামালের সাথে এয়ারপোর্টেই আছি। কোথাও বের  হতেও পারছি না। কখন যেতে পারবো তারও কোনো নিশ্চয়তা নেই।”

এ পরিস্থিতির জন্য তিনি সরাসরি বিমান কর্তৃপক্ষকে দায়ী করে বলেন, “কর্তৃপক্ষ আগে থেকে পদক্ষেপ নিলে আমাদের এই ভোগান্তিতে পড়তে হয় না “

তার সঙ্গে কথোপকথনের সময়ই টার্মিমালের ভিতরে যাত্রীদের হট্টগোল শুরু হয়। এর মধ্যেই ভিতর থেকে বেরিয়ে আসা মালয়েশিয়াগামী মোহাম্মদ রমজান জানালেন, ভিতরে আটকে পড়া যাত্রীরা মিছিল ও ভাংচুর করছে।

অবশ্য কিছুক্ষণের মধ্যে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

রমজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “আমার বাংলাদেশ বিমানে টিকিট কাটা ছিল। সকাল ৮টায় এসে দেখি অন্যান্য এয়ারলাইন্সগুলোর কাউন্টার মোটামুটি খোলা থাকলেও বিমানের কাউন্টার বন্ধ। অনেক্ষণ অপেক্ষার পরেও যাত্রীরা কাউকে না পেয়ে ভাঙচুর শুরু করে।”

এ সময় টার্মিনালের বাইরে এসব যাত্রীদের সঙ্গে আসা অপেক্ষারত লোকজনকেও অনিশ্চয়তার মধ্যে থাকতে দেখা যায়।

এর প্রায় দেড় ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টায় বিমানবন্দরের নিচতলায় আগমনী টার্মিনালেও আটকে পড়া যাত্রীরা বিক্ষোভ শুরু করে।

এসময় আগমনী টার্মিনালে ছেলের জন্য অপেক্ষা করছিলেন নওগাঁ থেকে আসা ষাটোর্ধ্ব অসি প্রামাণিক।

বিডিনিউজকে তিনি জানান, ছেলে মোস্তফা প্রামাণিক সকাল ৯টার মধ্যে পৌঁছে গেলেও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ বন্ধ থাকায় লাগেজ আটকে যাওয়ার কারণে সে বের হতে পারছে না।

একইভাবে ছেলের অপেক্ষায় থাকা কুষ্টিয়ার মো. ওয়াজেদ আলী বললেন, “কখন যে বের হতে পারবে সেটাও বুঝতে পারছি না।

ভাড়া করে আনা গাড়ির খরচও বাড়ছে। পেটে ক্ষিধা। কোথায় খাবো, কি খাবো তাও বুঝতে পারছি না।”

এরকম পরিস্থিতির শিকার হয়েছেন রিয়াদ থেকে আসা সানোয়ার, আবুধাবী থেকে আসা সেলিম রেজার মতো অনেকেই।

এসময় বিমানবন্দরের পার্কিং গ্রাউন্ডগুলো অনেক আগেই ভর্তি হয়ে যাওয়ায় পার্কিংয়ের অনির্ধারিত জায়গাগুলোতেও গাড়ির ভিড় লক্ষ্য করা যায়।

সকাল সাড়ে ৮টায় শাহজালালে অবতরণের পরও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ বন্ধ থাকায় প্রায় পাঁচ ঘণ্টা বিমানবন্দরেই আটকে পড়ে পিআইএয়ের একটি উড়োজাহাজ। এছাড়াও আটকা পরে টার্কিস এয়ারওয়েজ এবং সৌদি অ্যারাবিয়ান এয়ারওয়েজের আরো দুটি উড়োজাহাজ।

সাত দফা দাবিতে এ ধর্ঘট পালন করে বিমান শ্রমিকলীগ। পরে সমস্যা সমাধানে বিমানমন্ত্রী ফারুক খানের আশ্বাসে দুপুর ২টায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বিমান শ্রমিকলীগের সভাপতি মশিকুর রহমান।

সভাপতির বিরুদ্ধে বিমান কর্তৃপক্ষের আনা অভিযোগ প্রত্যাহার, আহার ভাতা ও ইউনিফর্ম, ভারত থেকে আনা বিমানের সেটআপ বাস্তবায়ন, কর্মচারীদের ব্যক্তিগত টিপি বাস্তবায়ন, একশ ভাগ চিকিৎসা ভাতা দেয়া এবং ৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করা কর্মচারীদের স্থায়ী করার দাবিতে মঙ্গলবার ভোর ৬টা থেকে বিমান শ্রমিক লীগের ডাকে কর্মচারীদের এই ধর্মঘট শুরু হয়।

বিমানের বিভিন্ন শাখার শ্রমিক কর্মচারীরা এ আন্দোলনে যোগ দেন। সকাল থেকে বলাকা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা।

কর্মচারীরা বিমানের ট্রান্সপোর্ট সুবিধা বন্ধ করে দেয়ায় কেবিন ক্রু বা কর্মকর্তারা সমালে বিমানবন্দর বা বলাকা কার্যালয়ে পৌঁছাতে পারেননি।

বিমান কর্মচারীরা জানান, সকালে বিভিন্ন গন্তব্য থেকে নির্ধারিত ফ্লাইটগুলো বিমানবন্দরে অবতরণ করার পর সিভলে এভিয়েশন কর্তৃপক্ষ যাত্রীদের নামালেও গ্রাউন্ড হ্যান্ডলিং বন্ধ থাকায় তাদের ব্যাগেজ বিমানেই আটকে থাকে দীর্ঘ সময়। এ কারণে যাত্রীদেরও বিমানবন্দরে আটকে থাকতে হয়।