২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দর অচল করে ধর্মঘট, আশ্বাসে প্রত্যাহার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি শ্রমিক সংগঠনের ধর্মঘটের কারণে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম পাঁচ ঘণ্টা অচল থাকায় ২৪টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

আশিক হোসেন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 02:47 PM

Updated : 25 Apr 2022, 06:14 PM

সাতদফা দাবিতে মঙ্গলবার ভোর ৬টায় ধর্মঘট শুরু করে বিমান শ্রমিক লীগ। এতে বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং বন্ধ হয়ে যাওয়ায় উড়োজাহাজ উড্ডয়ন বন্ধ হয়ে যায়। ঢাকামুখো নির্ধারিত ফ্লাইটগুলো অবতরণ করলেও লাগেজ হ্যান্ডলিংসহ অন্যান্য সেবা বন্ধ থাকায় আটকে থেকে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।      

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে বিমানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় আলোচনা চলার পর দুপুরে বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে বিমান শ্রমিক লীগের সভাপতি মশিকুর রহমান সাংবাদিকদের বলেন, “দাবি আদায়ে ইচ্ছের বিরুদ্ধে বাধ্য হয়েই এ ধরনের কর্মসূচি পালন করেছি। বিমানমন্ত্রী ও কর্তৃপক্ষের আশ্বাসে আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিচ্ছি।”

এ সময় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী ফারুক খান বলেন, “আপনার জানেন বিমান বন্দরে ধর্মঘটের কারণে অপারেশনাল সমস্ত কাজ পাঁচ ঘণ্টা বন্ধ ছিল। এর প্রেক্ষিতে ইতোমধ্যে শ্রমিক লীগ ও বিমান কর্তৃপক্ষের সঙ্গে একসঙ্গে বসে আমরা আলোচনা করেছি। শ্রমিকরা আমাদের আহ্বানে সাড়া দিয়ে ধর্মঘট প্রত্যাহার করেছে।”

পাঁচ ঘণ্টা কাজ বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে, আন্দোলনকারী শ্রমিকরা অতিরিক্ত কাজ করে তা পুষিয়ে দেয়ার কথা বলেছেন বলে বিমান মন্ত্রী জানান।

বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে ফারুক খান বলেন, “শ্রমিক লীগের দাবি সম্পর্কে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। কর্তৃপক্ষ ক্রমান্বয়ে এগুলো সমাধানের লিথিত প্রতিশ্রুতি দিয়েছে।”

সমঝোতায় এতো সময় লাগল কেন জানতে চাইলে তিনি বলেন, “আমরা গতকালও চেষ্টা করেছি। আজকে সমাধান হয়েছে। আগামীতে এ ধরনের সমস্যা যাতে না হয় সে ব্যাপারে আমরা ব্যবস্থা নেব।”

বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম পাঁচ বন্ধ থাকায় কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা বলতে না পারলেও দেশের ভাবমূর্তির ক্ষতি হওয়ার কথা স্বীকার করেন মন্ত্রী। দুর্ভোগের জন্য যাত্রীদের কাছে ক্ষমাও চান তিনি।

যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন শ্রমিক লীগের সভাপতিও।

মশিকুর রহমান বলেন, “আর্থিক ক্ষতি আমরা অতিরিক্ত পরিশ্রম করে পুষিয়ে দেব। এর জন্য অতিরিক্ত কোনো ভাতা নেব না।”

অন্যদের মধ্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্যাপ্টেন মোসাদ্দেক আহমেদ এ সময়  উপস্থিত ছিলেন।

মশিকুর রহমানের বিরুদ্ধে বিমান কর্তৃপক্ষের আনা অভিযোগ প্রত্যাহার, আহার ভাতা ও ইউনিফর্ম, ভারত থেকে আনা বিমানের সেটআপ বাস্তবায়ন, কর্মচারীদের ব্যক্তিগত টিপি বাস্তবায়ন, একশ ভাগ চিকিৎসা ভাতা দেয়া এবং ৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করা কর্মচারীদের স্থায়ী করার দাবিতে মঙ্গলবার ভোর ৬টা থেকে বিমান শ্রমিক লীগের ডাকে কর্মচারীদের এই ধর্মঘট শুরু হয়।

এই ধর্মঘটের ফলে মঙ্গলবার সকাল থেকে বেলা ১টা পর্যন্ত কোনো ফ্লাইট ছেড়ে যায়নি। সকালের নির্ধারিত ফ্লাইটগুলো ঢাকায় অবতরণ করলেও যাত্রীদের লাগেজ নামানো, উড়োজাহাজ থেকে টার্মিনালে আনাসহ অন্যান্য সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শাহাজালাল বিমানবন্দরের নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী সকাল ৮টা থেকে দুপুর একটা পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক রুটের ২০টি এবং অভ্যন্তরীণ রুটের ৪টি উড়োজাহাজ এ ধর্মঘটের কারণে বিলম্বিত হয়। এ সময় বিমানবন্দরে আটকা পরেন প্রায় চার হাজার যাত্রী।

ধর্মঘটের ক্ষতি পুষিয়ে নিতে মঙ্গলবার রাতভর উড়োজাহাজ ওঠানামা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বিমান কর্মচারীরা জানান, সকালে বিভিন্ন গন্তব্য থেকে নির্ধারিত ফ্লাইটগুলো বিমানবন্দরে অবতরণ করার পর সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যাত্রীদের নামালেও গ্রাউন্ড হ্যান্ডলিং বন্ধ থাকায় তাদের ব্যাগেজ বিমানেই আটকে থাকে দীর্ঘ সময়। এ কারণে যাত্রীদেরও বিমানবন্দরে আটকে থাকতে হয়।

সকালে বিমানবন্দরের বহির্গমণ টার্মিনালের বাইরে বহু যাত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ফ্লাইট বিলম্বিত হওয়ায় টার্মিনালের ভেতরেই বিক্ষোভ শুরু করেন বহির্গামী যাত্রীরা। পরিস্থিতি অবনতির আশঙ্কায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।

একটি সংগঠনের ধর্মঘটে পুরো বিমানবন্দর অচল হয়ে যাওয়ার কারণ জানতে চাইলে বিমানের অডিট সুপারভাইজার ও বিমান জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ফিরোজ উজ জামান সাংবাদিকদের বলেন, “বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডিলিংয়ের দায়িত্বে আছে বিমানের ক্রুরা। তারা কাজ না করলে অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক কোনো ফ্লাইটই ছেড়ে যাবে না। অন্যান্য সেবাও বন্ধ থাকবে। আর এর প্রভাব পুরো কার্যক্রমেই পড়ে।” 

শ্রমিকলীগের এ ধর্মঘটে বিমানের বিভিন্ন শাখার শ্রমিক কর্মচারীরাও যোগ দেন। সকাল থেকে বলাকা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা।

কর্মচারীরা বিমানের ট্রান্সপোর্ট সুবিধা বন্ধ করে দেয়ায় কেবিন ক্রু বা কর্মকর্তারা সকালে বিমানবন্দর বা বলাকা কার্যালয়ে পৌঁছাতে পারেননি। বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংসহ যাত্রীসেবা কার্যক্রম বন্ধ থাকায় কার্যত অচল হয়ে যায় দেশের প্রধান বিমানবন্দর।

দাবি পূরণের জন্য শ্রমিক লীগের কর্মীরা রোববার বলাকায় বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্যাপ্টেন মোসাদ্দেক আহমেদকে প্রায় ১১ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে রাত ২টার দিকে পুলিশের হস্তক্ষেপে মুক্ত হন এমডি মোসাদ্দেক।

এরপর সোমবার সকাল থেকে বলাকা ভবনে দিনভর অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিক কর্মচারী লীগ। তারপরও দাবি পূরণের আশ্বাস না পাওয়ায় বিকাল ৫টায় সংগঠনের সভাপতি মশিকুর রহমান লাগাতার ধর্মঘটের ঘোষণা দেন।

গত বছর মার্চে বিমান কর্মীদের একটি সংগঠন চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। মানববন্ধন, সমাবেশ, অবস্থান কর্মসূচির পর এক পর্যায়ে তারা সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয়। পরে বেসামরিক বিমান চলাচল মন্ত্রী দাবি পূরণের আশ্বাস দিলে ধর্মঘট স্থগিত করা হয়।