ভুরুঙ্গামারীতে রাস্তার কাজ বন্ধ করেছে বিএসএফ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর কাঠগিরী সীমান্তে রাস্তা মেরামতের কাজ বন্ধ করে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
মঙ্গলবার দুপুর ২টার দিকে দীঘলটারী ও গাড়ালঝড়া ক্যাম্পের বিএসএফ জোয়ানরা অস্ত্রের মুখে মেরামত কাজ বন্ধ করে বলে বিজিবি জানিয়েছে।
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দিয়াডাঙ্গা ক্যাম্পের কমান্ডার সুবেদার আবুল কালাম চৌধুরী বলেন, বিএসএফ কাজ বন্ধ করে দেয়ার পর কড়া প্রতিবাদ জানিয়ে দীঘলটারী বিএসএফ ক্যাম্পে চিঠি পাঠানো হয়েছে।
ভুরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, এক সপ্তাহ আগে ৪০ দিনের কর্মসৃজন কাজের আওতায় ইউনিয়নের কাঠগিরী মৌজায় একটি কাঁচা রাস্তা মেরামতের কাজ শুরু হয়।
এ কাজ চলাকালে দুপুর ২টার দিকে ভারতের দীঘলটারী ও গাড়ালঝড়া ক্যাম্পের বিএসএফ জোয়ানরা সীমান্ত ঘেঁষে আগ্নেয়াস্ত্র তাক করে রাস্তার কাজ বন্ধ না করা হলে গুলি চালানোর হুমকি দেয়। ভয়ে শ্রমিকরা কাজ ফেলে পালিয়ে যায়।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিএসএফ কাজে বাধা দেয়ায় নিরাপত্তার স্বার্থে শ্রমিকদের সরিয়ে নেয়া হয়েছে।
