২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওরিয়েন্টালের ৭ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র

সাবেক ওরিয়েন্টাল ব্যাংক (বর্তমানে আইসিবি ইসলামী ব্যাংক) থেকে অর্থ আত্মসাতের আটটি মামলায় ব্যাংকটির সাবেক সাত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

সালাউদ্দিন ওয়াহিদ প্রীতম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 11:24 AM

Updated : 23 Aug 2022, 10:01 AM

সাবেক ওরিয়েন্টাল ব্যাংক (বর্তমানে আইসিবি ইসলামী ব্যাংক) থেকে অর্থ আত্মসাতের আটটি মামলায় ব্যাংকটির সাবেক সাত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক আবুল হোসেন গোলাম মোস্তফা ও শফিকুল ইসলাম মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র জমা দেন।

ভুয়া প্রতিষ্ঠানের নামে ব্যাংক থেকে সাত কোটি ৮০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আনা হয়েছে সাবেক এই সাত কর্মকর্তার বিরুদ্ধে। ২০০৬ সালের ২৯ ডিসেম্বর মতিঝিল থানায় এই মামলা দায়ের করা হয়।

এই কর্মকর্তারা হলেন- ওরিয়েন্টাল ব্যাংকের প্রিন্সিপল অফিসের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মো. হারুন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আবুল কাশেম মাহমুদুল্লাহ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. ফজলুর রহমান, ওরিয়েন্টাল ব্যাংকের প্রধান কার্যালয়ের এসইভিপি মাহমুদ হোসেন, ইভিপি কামরুল ইসলাম, সাবেক নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম ও সাবেক উপ-ব্যবস্থাপনা (ডিজিএম) পরিচালক ইমামুল হক।

দুদকের তদন্ত কর্মকর্তারা জানান, ২০০৫ সালে শাহ মো. হারুন ওরিয়েন্টাল ব্যাংকের মতিঝিল প্রিন্সিপল শাখায় দায়িত্বে থাকা অবস্থায় কয়েকটি ভুয়া প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব খোলা হয়। সে সময় এই সাত কর্মকর্তা যোগসাজশে ব্যাংক হিসাবগুলোতে ওই অর্থ হস্তান্তর করে আত্মসাৎ করেন।

এ সময় ওই কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংককে মিথ্যা তথ্য সরবরাহ করেন বলেও জানান তারা।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, ২০০৫-০৬ সালে ওরিয়েন্টাল ব্যাংক থেকে আনুমানিক ৩৪ কোটি টাকা আত্মসাৎ করা হয়। এ অর্থ আত্মসাতের ঘটনায় মোট ৩৪টি মামলা দায়ের হয়, যার আটটিতে অভিযোগপত্র জমা দেয়া হলো।

এ ঘটনায় আরো সাতটি মামলার অভিযোগপত্র দুদক অনুমোদন করেছে বলে তদন্ত কর্মকর্তারা জানান।  

২০০৯ সালে ওরিয়েন্টাল ব্যাংকের নাম বদলে আইসিবি ইসলামী ব্যাংক হয়।