বাগেরহাটে কলেজ শিক্ষক হামলায় আহত
বাগেরহাট সরকারি পি সি কলেজের উদ্ভিদবিজ্ঞানের সহকারী অধ্যাপক মো. শাহ আলম ফারাজী দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন।
বাগেরহাট সরকারি পি সি কলেজের উদ্ভিদবিজ্ঞানের সহকারী অধ্যাপক মো. শাহ আলম ফারাজী দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন।
সোমবার রাতে জেলা শহরের যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন নিজ বাড়ির কাছে এই হামলা হয়। তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ হামলার কোনো কারণ জানাতে পারেননি অধ্যাপক শাহ আলম।
এদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।
মো. শাহ আলম ফারাজী সাংবাদিকদের বলেন, সাড়ে ৯টার দিকে কয়েকজনের সঙ্গে তিনি হেঁটে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি এলে দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক আকস্মিকভাবে তাকে মারধর শুরু করে।
তারা হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেছে। তবে, অন্ধকারে তিনি হামলাকারীদের চিনতে পারেননি।
বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আকরামুজ্জামান সাংবাদিকদের বলেন, শাহ আলমের মাথা, দুই হাঁটুসহ শরীরের বিভিন্ন স্থানে ভারি ও ভোঁতা অস্ত্রের অসংখ্য আঘাত রয়েছে। উচ্চ রক্তচাপ মাত্রা অতিক্রম করেছে।
মাথায় সেলাই দিয়ে এবং রক্তপাত বন্ধ করে খুলনায় পাঠানো হয়েছে, বলেন তিনি।
পি সি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুকন্ঠ কুমার মন্ডল বাগেরহাটের বাইরে রয়েছেন।
তিনি মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ হামলার ঘটনাটি পরিকল্পিত। কারা এই ঘটনা ঘটাতে পারে তা আমি অনুমান করতে পারছি, তবে এখনই নাম জানাতে চাই না।”
ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সুলতানা বেগম এই ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, “আমরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। কারা কেন এ ঘটনা ঘটিয়েছে তা আমাদের কাছে এখনও স্পষ্ট না। ঘটনা সম্পর্কে আমি লিখিতভাবে বাগেরহাট মডেল থানাকে অবহিত করেছি।”
বাগেরহাট মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, হামলার ঘটনাটি তারা জেনেছেন। এই ঘটনায় এখনো মামলা হয়নি। পুলিশ ঘটনায় জড়িতদের শনাক্ত এবং কারণ উদঘাটনের চেষ্টা করছে।
মঙ্গলবার পি সি কলেজ শিক্ষক পরিষদ এক জরুরি সভায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।
এছাড়া কলেজ ছাত্র সংসদ সকালে ক্যাম্পাসে সমাবেশ, কালোব্যাজ ধারণ ও ক্লাশ বর্জন করেছে। দুপুরে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা করেছেন সম্মিলিতভাবে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে শহরে মৌন মিছিল করেছেন।
