২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ হাজার বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা আসছে

দেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের চূড়ান্ত ঘোষণা আসছে বুধবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 08:41 AM

Updated : 25 Apr 2022, 06:14 PM

দেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের চূড়ান্ত ঘোষণা আসছে বুধবার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় প্যারেড স্কয়ারে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ থেকে এই ঘোষণা দেবেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন।

মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এটি বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা। এর মধ্য দিয়ে শিক্ষক সমাজের দীর্ঘ দিনের দাবি পূরণ হবে।”

প্রধানমন্ত্রীর ঘোষণার মধ্য দিয়ে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক লাখ তিন হাজার ১৯২ জন শিক্ষককের চাকরি সরকারি হবে জানিয়ে মন্ত্রী বলেন, পুরো প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে তিন ধাপে।

আফছারুল জানান, এমপিওভুক্ত রেজিস্টার্ড ২২ হাজার ৯৮১টি, স্থায়ী নিবন্ধনপ্রাপ্ত ৩৮৮টি, অস্থায়ী নিবন্ধনপ্রাপ্ত ৩৬১টি, পাঠদানের অনুমতিপ্রাপ্ত ৭২০টি, এমপিওবহির্ভুত কমিউনিটি ৬৫৩টি, এমপিও বহির্ভুত এনজিও বিদ্যালয় ১৩০টি, পাঠদানের অনুমতির সুপারিশপ্রাপ্ত ১৫১টি এবং পাঠদানের অনুমতির অপেক্ষায় থাকা ৮০৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীকরণ হচ্ছে।

এসব বিদ্যালয়ে এক লাখ তিন হাজার ১৯২ জন শিক্ষক কর্মরত আছেন বলে জানান তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এম নিয়াজ উদ্দিন বলেন, “সরকারি প্রাথমিক ও রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বৈষম্য ছিল। বেসরকারি বিদ্যালয় জাতীয়করণের ঘোষণার মধ্য দিয়ে এটা দূর হবে।”

জাতীয়করণের এই ঘোষণার মধ্য দিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে বলেও মনে করেন সচিব।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

৩ ধাপে বাস্তবায়ন

এমপিওভুক্ত ২২ হাজার ৯৮১টি বিদ্যালয়ের ৯১ হাজার ২৪ জন শিক্ষক চলতি বছরের ১ জানুয়ারি থেকে সরকারের আওতায় আসবেন বলে জানান আফছারুল আমীন।

এজন্য ২০১২-১৩ অর্থবছরে বাড়তি খরচ হবে একশ কোটি টাকা।

দ্বিতীয় ধাপে স্থায়ী/অস্থায়ী নিবন্ধনপ্রাপ্ত, পাঠদানের অনুমতিপ্রাপ্ত, কমিউনিটি এবং সরকারি অর্থায়নে এনজিও পরিচালিত দুই হাজার ২৫২টি বিদ্যালয়ের নয় হাজার ২৫ জন শিক্ষককে আগামী ১ জুলাই থেকে জাতীয়করণের আওতায় আসবেন।

এজন্য ২০১৩-১৪ অর্থ বছরে বাড়তি ৩৭১ কোটি টাকা খরচ হবে বলে মন্ত্রী জানান।

তিনি বলেন, পাঠদানের অনুমতির সুপারিশপ্রাপ্ত এবং পাঠদানের অনুমতির অপেক্ষায় থাকা ৯৬০টি বিদ্যালয়ের তিন হাজার ৭৯৬ জন শিক্ষককে তৃতীয় ধাপে আগামী বছরের ১ জানুয়ারি জাতীয়করণের আওতায় আনা হবে।

এই ধাপ বাস্তবায়নে ২০১৪-১৫ অর্থবছরে অতিরিক্ত খচর হবে ৬৫১ কোটি টাকা।

বঙ্গবন্ধুর পর শেখ হাসিনা

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে ৩৬ হাজার ১৬৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। ফলে এসব বিদ্যালয়ের এক লাখ ৫৫ হাজার ২৩ জন শিক্ষককের চাকরি সরকারি হয়।

পরে বিভিন্ন সময়ে আরো এক হাজার ৫০৭টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণ হয়।

শিক্ষকদের দীর্ঘ দিনের আন্দোলন-সংগ্রামের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের চূড়ান্ত ঘোষণা দিতে যাচ্ছেন।

দুই দশকের আন্দোলনের ফল

শিক্ষকরা জানান, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা চাকরি জাতীয়করণের দাবিতে ১৯৯১ সাল থেকে আন্দোলন শুরু করেন।

এ দাবিতে ১৯৯৭ সালে ঢাকার ওসমানী উদ্যানে শিক্ষকরা আমরণ অনশন করেন। শিক্ষকদের কর্মসূচির নবম দিনে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে তাদের অনশন ভাঙান।

এরপর ২০০০ সালের ১০ সেপ্টম্বর ওসমানী উদ্যানে শিক্ষকরা শিক্ষক মহাসমাবেশের আয়োজন করেন। ওই সমাবেশেও তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া উপস্থিত থেকে শিক্ষকদের দাবি তাদের নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্তির ঘোষণা দেন।

পরে শিক্ষকদের আন্দোলন ধারাবাহিকভাবে চলতে থাকে।

২০১১ সালের নভেম্বর মাসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন এক সংবাদ সম্মেলনে বলেন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয়করণে সরকারের কোনো পরিকল্পনা নেই। এ খবরে শিক্ষকদের মধ্যে অসেন্তোষ ছড়িয়ে পড়ে।

একই দাবিতে ওই বছরের ২১ থেকে ২৭ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ, অবস্থান ধর্মঘট, অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষক।

এতেও দাবি আদায় না হওয়ার গত বছরের ১৫ ও ১৬ জানুয়ারি দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে ধর্মঘট পালন করেন তারা। দাবি আদায়ে ১৭-১৯ জানুয়ারি কর্ম বিরতিও পালন করেন শিক্ষকরা।

এরপরেও সরকার তাদের অবস্থানে অনড় থাকলে শিক্ষকরা গত বছরের ১৩ থেকে ১৮ মে পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি, প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমূখে পদযাত্রা, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। এসব কর্মসূচি পালনের সময় পুলিশের পুটিনিতে আহত এক শিক্ষক মারা যান।

শিক্ষকদের আন্দোলন অব্যহত থাকলে ২০১২ সালের ১৬ মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেও আরো দুই দিন আন্দোলন কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

২০১২ সালের ১৮ মে শিক্ষরা ৩১ মের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষক নেতাদের বৈঠকের সময় বেধে দেন। এ সময়ের মধ্যে ঘোষণা না এলে একই বছরের ১৬ জুন থেকে দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিদির্ষ্টকালের জন্য তালা ঝোলানোর হুমকি দেন তারা।

এরপর গত বছরের ২৭ মে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষকদের ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী তাদের আশ্বাস দেন শিগগিরই শিক্ষক মহাসমাবেশ থেকে বেসরকারি প্রাথমিকের শিক্ষকদের জাতীয়করণের ঘোষণা দেওয়া হবে।

শিক্ষকদের প্রায় দুই দশকের আন্দোলন সংগ্রামের পর প্রধানমন্ত্রীর ঘোষণার মধ্য দিয়ে তাদের দাবির চূড়ান্ত বাস্তবায়ন হতে যাচ্ছে।