২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ ঘণ্টা পর সচল হলো শাহজালাল

আশিক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 07:37 AM

Updated : 25 Apr 2022, 06:14 PM

পাঁচ ঘণ্টা কাজ বন্ধ রেখে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল করে রাখার পর মন্ত্রীর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মচারীদের একটি সংগঠন।

বিমান শ্রমিক লীগের সভাপতি মশিকুর রহমান মঙ্গলবার দুপুরে বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের বলেন, “আমাদের দাবি আদায়ে ইচ্ছের বিরুদ্ধে বাধ্য হয়েই এ ধরনে কর্মসূচি পালন করেছি। বিমানমন্ত্রী ও কর্তৃপক্ষের আশ্বাসে আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিচ্ছি।

বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী ফারুক খান বলেন, “আপনার জানেন বিমান বন্দরে ধর্মঘটের কারণে অপারেশনাল সমস্ত কাজ পাঁচ ঘণ্টা বন্ধ ছিল। এর প্রেক্ষিতে ইতোমধ্যে শ্রমিক লীগ ও বিমান কর্তৃপক্ষের সঙ্গে একসঙ্গে বসে আমরা আলোচনা করেছি। শ্রমিকরা আমাদের আহ্বানে সাড়া দিয়ে ধর্মঘট প্রত্যাহার করেছে।”

মশিকুর রহমানের বিরুদ্ধে বিমান কর্তৃপক্ষের আনা অভিযোগ প্রত্যাহার, আহার ভাতা ও ইউনিফর্ম, ভারত থেকে আনা বিমানের সেটআপ বাস্তবায়ন, কর্মচারীদের ব্যক্তিগত টিপি বাস্তবায়ন, একশ ভাগ চিকিৎসা ভাতা দেয়া এবং ৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করা কর্মচারীদের স্থায়ী করার দাবিতে মঙ্গলবার ভোর ৬টা থেকে বিমান শ্রমিক লীগের ডাকে কর্মচারীদের এই ধর্মঘট শুরু হয়।

এই ধর্মঘটের ফলে মঙ্গলবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত কোনো ফ্লাইট ছেড়ে যায়নি। সকালের নির্ধারিত ফ্লাইটগুলো ঢাকায় অবতরণ করলেও যাত্রীদের লাগেজ নামানো, উড়োজাহাজ থেকে টার্মিনালে আনাসহ অন্যান্য সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

ফ্লাইট বিলম্বিত হওয়ায় টার্মিনালের ভেতরেই বিক্ষোভ শুরু করেন বহির্গামী যাত্রীরা। পরিস্থিতি অবনতির আশঙ্কায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।

পাঁচ ঘণ্টা কাজ বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে, আন্দোলনকারী শ্রমিকরা অতিরিক্ত কাজ করে তা পুষিয়ে দেয়ার কথা বলেছেন বলে মন্ত্রী জানান।

বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে ফারুক খান বলেন, “শ্রমিক লীগের দাবি সম্পর্কে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। কর্তৃপক্ষ ক্রমান্বয়ে এগুলো সমাধানের লিথিত প্রতিশ্রুতি দিয়েছে।”

সমঝোতায় এতো সময় লাগল কেন জানতে চাইলে তিনি বলেন, “আমরা গতকালও চেষ্টা করেছি। আজকে সমাধান হয়েছে। আগামীতে এ ধরনের সমস্যা যাতে না হয় সে ব্যাপারে আমরা ব্যবস্থা নেব।”

বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম পাঁচ বন্ধ থাকায় কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা বলতে না পারলেও দেশের ভাবমূর্তির ক্ষতি হওয়ার কথা স্বীকার করেন মন্ত্রী। দুর্ভোগের জন্য যাত্রীদের কাছে ক্ষমাও চান তিনি।

যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন শ্রমিক লীগের সভাপতিও।

মশিকুর রহমান বলেন, “আর্থিক ক্ষতি আমরা অতিরিক্ত পরিশ্রম করে পুষিয়ে দেব। এর জন্য অতিরিক্ত কোনো ভাতা নেব না।”

অন্যদের মধ্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্যাপ্টেন মোসাদ্দেক আহমেদ এ সময়  উপস্থিত ছিলেন।

সভাপতির বিরুদ্ধে বিমান কর্তৃপক্ষের আনা অভিযোগ প্রত্যাহার, আহার ভাতা ও ইউনিফর্ম, ভারত থেকে আনা বিমানের সেটআপ বাস্তবায়ন, কর্মচারীদের ব্যক্তিগত টিপি বাস্তবায়ন, একশ ভাগ চিকিৎসা ভাতা দেয়া এবং ৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করা কর্মচারীদের স্থায়ী করার দাবিতে মঙ্গলবার ভোর ৬টা থেকে বিমান শ্রমিক লীগের ডাকে কর্মচারীদের এই ধর্মঘট শুরু হয়।

বিমানের বিভিন্ন শাখার শ্রমিক কর্মচারীরা এ আন্দোলনে যোগ দেন। সকাল থেকে বলাকা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা।

কর্মচারীরা বিমানের ট্রান্সপোর্ট সুবিধা বন্ধ করে দেয়ায় কেবিন ক্রু বা কর্মকর্তারা সমালে বিমানবন্দর বা বলাকা কার্যালয়ে পৌঁছাতে পারেননি। বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংসহ যাত্রীসেবা কার্যক্রম বন্ধ থাকায় কার্যত অচল হয়ে যায় দেশের প্রধান বিমানবন্দর।

সকালে বিমানবন্দরের বহির্গমণ টার্মিনালের বাইরে বহু লোক দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সকাল থেকে কোনো ফ্লাইট না ছাড়ায় অপেক্ষায় থাকা যাত্রীরা টার্মিনালের ভেতরে বিক্ষোভ শুরু করেন।

বিমান কর্মচারীরা জানান, সকালে বিভিন্ন গন্তব্য থেকে নির্ধারিত ফ্লাইটগুলো বিমানবন্দরে অবতরণ করার পর সিভলে এভিয়েশন কর্তৃপক্ষ যাত্রীদের নামালেও গ্রাউন্ড হ্যান্ডলিং বন্ধ থাকায় তাদের ব্যাগেজ বিমানেই আটকে থাকে দীর্ঘ সময়। এ কারণে যাত্রীদেরও বিমানবন্দরে আটকে থাকতে হয়।

একটি সংগঠনের ধর্মঘটে পুরো বিমানবন্দর অচল হয়ে যাওয়ার কারণ জানতে চাইলে বিমানের অডিট সুপারভাইজার ও বিমান জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ফিরোজ উজ জামান সাংবাদিকদের বলেন, “বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডিলিংয়ের দায়িত্বে আছে বিমানের ক্রুরা। তারা কাজ না করলে অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক কোনো ফ্লাইটই ছেড়ে যাবে না। অন্যান্য সেবাও বন্ধ থাকবে। আর এর প্রভাব পুরো কার্যক্রমেই পড়ে।” 

দাবি পূরণের জন্য শ্রমিক লীগের কর্মীরা রোববার বলাকায় বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্যাপ্টেন মোসাদ্দেক আহমেদকে প্রায় ১১ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে রাত ২টার দিকে পুলিশের হস্তক্ষেপে মুক্ত হন এমডি মোসাদ্দেক।

এরপর সোমবার সকাল থেকে বলাকা ভবনে দিনভর অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিক কর্মচারী লীগ। তারপরও দাবি পূরণের আশ্বাস না পাওয়ায় বিকাল ৫টায় সংগঠনের সভাপতি মশিকুর রহমান লাগাতার ধর্মঘটের ঘোষণা দেন।

গত বছর মার্চে বিমান কর্মীদের একটি সংগঠন চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। মানববন্ধন, সমাবেশ, অবস্থান কর্মসূচির পর এক পর্যায়ে তারা সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয়। পরে বেসামরিক বিমান চলাচল মন্ত্রী দাবি পূরণের আশ্বাস দিলে ধর্মঘট স্থগিত করা হয়।