২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপিওভুক্তির দাবিতে শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি

নন এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে মঙ্গলবার শিক্ষা ভবন ঘেরাও করবে আন্দোলনরত শিক্ষকরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2013, 01:18 PM

Updated : 25 Apr 2022, 06:14 PM

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে দিনব্যাপী অবস্থান কর্মসূচির পর বিকালে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মো. এশারত আলী নতুন কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, “মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে একঘণ্টা অবস্থান কর্মসূচি শেষে বেলা ১১টায় শিক্ষা ভবন ঘেরাও করা হবে। দাবি আদায় না হওয়া পর্যঅন্ত বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।”

নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে সোমবার সকাল ১১টা থেকে বিকাল পর্যেন্ত প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন কয়েকশ শিক্ষক। এতে প্রেসক্লাবের আশেপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

এশারত বলেন, “জনগণের ভোগান্তি হোক, আমরা এমন কোনো কর্মসূচি দিতে চাই না। কিন্তু সরকার আমাদের দাবির বিষয়ে কোনো কথা বলছে না। তাই আন্দোলনের কোনো বিকল্প নেই।”

সমাবেশে শিক্ষকরা বলেন, এমপিওভুক্তির ঘোষণা না আসা পর্যমন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চলবে। দাবির পক্ষে যুক্তি তুলে ধরে বেশ কয়েক জন শিক্ষক বক্তব্য দেন।

শিক্ষকরা জানান, স্বীকৃতিপ্রাপ্ত প্রায় সাত হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওর অপেক্ষায় আছে। এসব প্রতিষ্ঠানে এক লাখের মতো শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।

এসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওর দাবিতে দীর্ঘ দিন থেকেই আন্দোলন করছিলেন প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষকরা। গত মে মাসে এ নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের বৈঠকও হয়।

পরবর্তীতে ৫ সেপ্টেম্বর শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গেও বৈঠক করেন তারা। এরপর ১ সেপ্টেম্বর এসব শিক্ষকদের আন্দোলন কর্মসূচিতে লাঠিপেটা করে পুলিশ।

পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন বলে আশ্বাস দেয়ার পর কর্মসূচি স্থগিত করেন শিক্ষকরা। যদিও ওই বৈঠকটিও পরে স্থগিত করা হয়।

এরপর গত ৩০ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে দাবি মেনে নিতে সরকারকে ৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন শিক্ষকরা। এর মধ্যে দাবি আদায় না হলে ৭ জানুয়ারি থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।

শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার কুণ্ডুসহ অন্য নেতারা বক্তব্য দেন।