চালে ‘স্বস্তি’ থাকলেও ‘শাস্তি’ অন্য পণ্যে
চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে ২০০৯ সালে ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ।
চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে ২০০৯ সালে ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ।
চার বছর পর চালের মূল্য সহনীয় পর্যায়ে থাকলেও নিত্য প্রয়োজনীয় অন্য সব পণ্যের দাম অনেক বেড়েছে বলেই মনে করছেন ভোক্তারা।
সরকারের চার বছর পূর্তির কয়েকদিন আগে জ্বালানি তেলের দামের পঞ্চম দফা বৃদ্ধি শেষ বছরে নিত্যদ্রব্যের দাম আরো বাড়াবে বলে আশঙ্কিত তারা।
ঢাকার বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শরীফুল ইসলাম বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যথনই জ্বালানি তেলের দাম বাড়ে, তখনি জিনিসপত্রের দাম বাড়ে। সরকার কখনো সাধারণ মানুষের কথা ভাবে না।”
নিত্যপণ্যের পাশাপাশি এই সময়ে ওষুধ ও বাড়তি গাড়ি ভাড়ার চাপও নিতে হচ্ছে দেশবাসীকে। সেই সঙ্গে বেড়েছে বাড়ি ভাড়াও।
ভোক্তাদের স্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন পাস এবং এর অধীনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গঠন ইতিবাচক হলেও তার কার্যকর কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি কাজী ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকার দ্রব্যমূল্য বিষয়ে নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারেনি।
“মূল্যস্ফীতি এক অঙ্কের ঘরে নেমে এলেও এখনো অনেক পণ্য সাধারণের নাগালের বাইরে। দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের পুষ্টিতে ঘাটতি দেখা দিয়েছে।”
বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) এর গবেষণা পরিচালক ড. জায়েদ বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য বেড়ে যাওয়া ও অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের কারণে মূল্যস্ফীতি বাড়তে বাড়তে দুই অঙ্কের ঘরে পৌঁছেছে।
“পরে যদিও সরকার সংঙ্কোচনমূলক মুদ্রা নীতির মাধ্যমে মূল্যস্ফীতি কমিয়ে এনেছে। কিন্তু তা এখনো বেশি।”
বর্তমান সরকার দায়িত্ব নেয়ার অর্থবছর শেষে বার্ষিক গড় মূল্যস্ফীতি দাঁড়ায় ৬ দশমিক ৬৬ শতাংশ। এরপরের বছরগুলোতে বাড়তে বাড়তে তা ২০১১-১২ অর্থবছরে ১০ দশমিক ৬২ শতাংশে দাঁড়ায়।
চলতি অর্থবছরে মূল্যস্ফীতি কমার প্রবণতা দেখা যাচ্ছে। নভেম্বরের শেষে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ।
বর্তমান বাজার পরিস্থিতি সর্বক্ষেত্রে সরকারের নির্বাচনী ইশতেহারে সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় মন্তব্য করে জায়েদ বখত বলেন, “নির্বাচনী ইশতেহারের সঙ্গে খাপ খাওয়াতে হলে সরকারকে ব্যয় কমাতে হবে। মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণে আনতে রাজনৈতিক বিবেচনাপ্রসূত প্রকল্প নেয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে।”
বিশ্লেষকরা বলছেন, মেয়াদের এক বছর বাকি থাকতে দ্রব্যমূল্যই শেষ পযন্ত সরকারকে সবচেয়ে বেশি সমালোচনার মুখে ফেলতে পারে; যদিও সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলের দরের ঊর্ধ্বগতি কিছুটা নামিয়ে আনতে পেরেছে সরকার।
সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর স্থাপনের পাশাপাশি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশকে (টিসিবি) আরো কার্যকরের উদ্যোগ নিলেও তাতে ফল আসেনি।
পণ্যের দাম বাড়লেও তার সুফল উৎপাদক পর্যায়ে পৌঁছাচ্ছে নো বলে মনে করেন ক্যাব সভাপতি কাজী ফারুক।
তিনি বলেন, “ভোক্তারা যে অতিরিক্ত মূল্য দিচ্ছে উৎপাদকরা তা পাচ্ছে না। তা চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের হাতে। এজন্য সরকারের মার্ট ইন্টিলিজেন্স গঠন করা উচিত।”
বাজার পরিস্থিতি
নিত্যপণ্যের উচ্চমূল্য ২০১২ সাল জুড়েই ছিল সাধারণ মানুষের ভোগান্তির কারণ। প্রধান খাদ্যপণ্য চালের দাম স্থিতিশীল থাকলেও ডিম, ভোজ্যতেল, ছোলা, ডাল, গুঁড়োদুধ, আলু, বিভিন্ন প্রকারের সবজি, আটা, লবণ, মাছ ও মুরগিসহ বেশ কিছু পণ্যের দামে নাজেহাল হওয়ার কথা জানিয়েছেন ক্রেতারা।
এই বছর ব্রয়লার মুরগির দর প্রতি কেজি ছিল ১৮০ টাকা, ডিম প্রতি হালি ৪৫ টাকা, লবণ (প্যাকেট) প্রতি কেজি ৩৪ টাকা, ছোলা প্রতি কেজি ১১০ টাকা, ভোজ্যতেল প্রতি লিটার ১৩০ টাকা, পেঁয়াজ প্রতি কেজি ৭৫ টাকা, আটা ৪৫ টাকা, আলু ৩০ টাকা। এছাড়া কাঁচা মরিচের দর কেজি প্রতি ১০০ টাকা পর্যন্ত উঠেছিল।
চার বছর আগে প্রতিলিটার ভোজ্যতেল(সয়াবিন) ৭৬ টাকায় মিললেও এখন তা কিনতে হচ্ছে ১২৫ টাকা দরে। এ হিসাব সরকারি সংস্থা টিসিবির।
২০০৯ সালে মহাজোট সরকার দায়িত্ব নেয়ার পর ভোজ্যতেলের দাম লিটারে প্রায় ২০ টাকা কমিয়ে আনলেও পরে তা ধরে রাখতে পারেনি।
টিসিবির হিসাবে, ২০১১ সালের তুলনায় ২০১২ সালে দাম কমার চেয়ে দাম বাড়ার তালিকাই বড়।
মসুর ডালের দাম মান ভেদে ২৫ থেকে ৬৫ শতাংশ বেড়েছে। আলু ৯১ শতাংশ, দেশি পিঁয়াজ ১২৮ শতাংশ, আমদানি করা পিঁয়াজ ৭০ শতাংশ, রসুন ৪১ শতাংশ, আদা ২২ শতাংশ, লবণ ২০ শতাংশ, ডিম ৩৩ শতাংশ, রুই মাছ ৩১ শতাংশ, ইলিশ ৪৪ শতাংশ, ব্রয়লার মুরগি সাড়ে ১০ শতাংশ, দেশি মুরগি সাড়ে ১৭ শতাংশ এবং গরুর মাংসের দাম ৪ শতাংশ বেড়েছে।
বর্তমানে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৫৮ টাকায়। আপাতদৃষ্টিতে চিনির বাজার স্থির বলেই মনে হলেও গত বছর রমজানের আগে এই পণ্যের দাম হঠাৎ ৮০ টাকায় উঠে গিয়েছিল।
এক বছরে আটার দামও বেড়েছে ২০ শতাংশ। প্রতি কেজি আটা বিক্রি হচ্ছে এখন ৩৮ টাকা দরে।
বছরজুড়েই সবজির বাজারে ছিল দামের ঊর্ধ্বগতি। এজন্য পরিবহন ব্যয় বৃদ্ধিকে দায়ী করেছেন বিক্রেতারা।
রাজধানীর মানিকনগর এলাকার বাসিন্দা রহিমা বেগম বলেন, “বাজারে জিনিসপত্রের দাম বাড়ায় বাধ্য হয়ে সংসারের অন্য খরচ কমাতে হয়। কিন্তু তারপরও হিসাব মেলানো কঠিন।”
তবে টিসিবির হিসাবে, এক বছরের ব্যবধানে চালের দাম মান ভেদে ১২ শতাংশ পর্যন্ত কমেছে।
চালের দাম সহনীয় রাখতে খোলাবাজারে বিক্রি দীর্ঘ সময় চালিয়ে গেছে সরকার।
দৈনন্দিন জীবনের অন্যান্য খরচ
এই সময়ে বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া ও ওষুধের দাম বৃদ্ধি মানুষকে ভুগিয়েছে।
চার বছর আগে রাজধানীতে যে ঘরটি চার থেকে পাঁচ হাজার টাকায় ভাড়া পাওয়া যেত, এখন তার জন্য প্রায় দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে।
বাড়ির মালিকরা নির্মাণ সামগ্রী, গ্যাস, বিদ্যুৎ ও পানির পরিষেবা মূল্য বাড়ানোর কথা বলছেন। আর এই খাতে সরকারের কোনো নিয়ন্ত্রণও নেই।
জ্বালানি তেল ও যন্ত্রপাতির দাম বাড়ার কারণে গাড়িভাড়াও বেড়েছে। বেড়েছে দূরপাল্লার বাস ও ট্রেনের টিকিটেরও দামও।
গত এক বছরের ব্যবধানে কমপক্ষে তিনশ’ প্রকারের ওষুধের দাম বেড়েছে।
দাম বেড়েছে সব ধরনের শিক্ষা উপকরণের। বই-পত্রের পাশাপাশি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফি বেড়েছে। লেখার সাদা কাগজের দাম প্রতি দিস্তা ২৭ শতাংশ বেড়েছে।
এই সময়ে খাদ্যপণ্য থেকে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেশি বলে পরিসংখ্যান ব্যুরোই জানাচ্ছে।
মূল্যস্ফীতি
সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার কথা বললেও দায়িত্ব গ্রহণের পর থেকেই তা ধারাবাহিকভাবে বেড়েছে।
বর্তমান সরকার ২০০৮-০৯ অর্থবছরের দ্বিতীয় ভাগে দায়িত্ব গ্রহণ করে। ওই অর্থবছর শেষে বার্ষিক গড় মূল্যস্ফীতি দাঁড়ায় ৬ দশমিক ৬৬ শতাংশ।
এরপরের অর্থবছর ২০০৯-১০ এ এসে তা বেড়ে দাঁড়ায় ৭ দশমিক ৩১ শতাংশ। ২০১০-১১ অর্থবছরে ৮ দশমিক ৮০ শতাংশ এবং ২০১১-১২ অর্থবছরে আরো বেড়ে দুই অঙ্কৈর ঘরে পৌঁছায় মূল্যস্ফীতির হার। ২০১১-১২ অর্থবছরের গড় বার্ষিক মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৬২ শতাংশ।
চলমান অর্থবছরে মূল্যস্ফীতি কমার প্রবণতা দেখা যাচ্ছে। নভেম্বরের শেষে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ।
অর্থনীতিবিদদের মতে, ৫ থেকে ৬ শতাংশ পর্যন্ত মূল্যস্ফীতি সহনীয়। তা ১০ শতাংশ ছাড়িয়ে গেলে অর্থনীতির সঙ্কট বেড়ে যায়। দেশে এখন সেই অবস্থাই চলছে।
