২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে কলেজছাত্রী ধর্ষণ: আরেকজন গ্রেপ্তার

ঢাকার সাভারে কলেজছাত্রীকে ধর্ষণ এবং ভিডিও চিত্র ধারণের ঘটনায় জড়িত অভিযোগে আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2013, 12:41 PM

Updated : 23 Aug 2022, 10:00 AM

ঢাকার সাভারে কলেজছাত্রীকে ধর্ষণ এবং ভিডিও চিত্র ধারণের ঘটনায় জড়িত অভিযোগে আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এছাড়া একই অভিযোগে শনিবার সাভার বিশ্ববিদ্যালয় কলেজের দুই ছাত্রকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে সাভারের ব্যাংক কলোনি মহল্লা থেকে ওয়াসিম রানাকে (১৮) গ্রেপ্তার করা হয়। রানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন। তার বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায়।

সাভার বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক সমির মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধর্ষণের ঘটনায় জড়িত থাকায় কলেজ কর্তৃপক্ষের সিন্ধান্ত অনুযায়ী ওই দুই ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরো বলেন, হিসাববিজ্ঞান সম্মান প্রথম বর্ষের ছাত্র জাহেদ ওরফে রাজুকে আজীবনের জন্য বহিষ্কার করতে রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবং উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থী মহিদুল রহমানকে আজীবন বহিষ্কার করতে শিক্ষাবোর্ডে আবেদন করা হবে। এদের মধ্যে মহিদুল গ্রেপ্তার এবং জাহেদ পলাতক রয়েছে।

গত ২৫ নভেম্বর সাভার পৌর এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে সাভার মডেল থানায় মামলা (নম্বর ৭) দায়ের করেন ওই ছাত্রীর মা।

এ মামলায় বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হন সিঙ্গাইর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের এক ছাত্রী (১৮) যে ধর্ষিতার বান্ধবী, শান্তা মরিয়াম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র রায়হান (২০), সাভার বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্সের ছাত্র মহিদুল রহমান (২০) এবং রাজধানীর আজিমপুরের বাসিন্দা সুজন (২৫)।

এছাড়া মামলার অন্য আসামিরা হলেন সাভার বিশ্ববিদ্যালয় কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র জাহেদ ওরফে রাজু (২২), রাজধানীর আজিমপুরের শাহীন, সিঙ্গাইরের কাংশার শামীম (২৪), লুৎফর (২৩), দানেশ (৩৫), মাসুদ (২৪) এবং ধল্লা এলাকার আলীম (২৫)।

মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য সাভার মডেল থানা পুলিশ শুক্রবার সন্ধ্যায় চার দিনের হেফাজতে (রিমান্ডে) নিয়েছে।

রিমান্ডের প্রথম দিন জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না বলে তিনি জানান।

বর্তমানে ওই কলেজছাত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও তিনি জানান।

গত ২৫ নভেম্বর সকালে ওই ছাত্রীকে তার এক বান্ধবী কৌশলে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনির একটি মেসে নিয়ে যায়। সেখানে আসামি জাহেদ ওরফে রাজু তাকে ধর্ষণ করে। আরেক আসামি শাহীন ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে।

এর সপ্তাহখানেক পর আসামি দানেশ মেয়েটির মাকে ফোন করে ধর্ষণের দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে টাকা দাবি করে।