২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমনার পর আজিমপুরে বাসে আগুন

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের হরতালের আগের দিন দুপুরে ঢাকার রমনায় একটি গাড়িতে আগুন দেয়ার পর বিকালে আজিমপুরে একটি বাসে আগুন ধরানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2013, 09:55 AM

Updated : 23 Aug 2022, 10:00 AM

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের হরতালের আগের দিন দুপুরে ঢাকার রমনায় একটি গাড়িতে আগুন দেয়ার পর বিকালে আজিমপুরে একটি বাসে আগুন ধরানো হয়েছে।

শনিবার বেলা সোয়া ৩টার দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে ওষুধ কোম্পানির একটি গাড়িতে আগুন দেয়া হয়।

গ্লোব ফার্মাসিউটিক্যালসের ওষুধবাহী ওই পিকআপ ভ্যানটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

গাড়ির চালক শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাড়িতে সমস্যা দেখা দিলে আমি গাড়ি থামিয়ে কাজ করছিলাম। কয়েক যুবক এসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।”

এই বিষয়ে রমনা থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্ভবত হরতাল সমর্থকরাই গাড়িটিতে আগুন দিয়েছে।

বিকাল সাড়ে ৪টার দিকে আজিমপুর গার্লস স্কুল ও কলেজের সামনে ২৭ নম্বর রুটের (আজিমপুর-গাজীপুর) বাসটিতে আগুন দেয়া হয়।

লালবাগ থানার ওসি আজিজুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসটির ত্রুটি দেখা দেয়ায় চালক ও তার সহকারী মেরামত করছিল। ওই সময় পেছনের অংশে কে বা কারা আগুন লাগিয়ে পালিয়ে যায়।

আগুনে গাড়ির সামান্য অংশ পুড়ে যায় বলে ওসি জানান।

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দল।

এর আগে হরতালের আগের দিনও ঢাকায় বিভিন্ন স্থানে গাড়িতে আগুন ধরানোর ঘটনা ঘটেছে, যার জন্য বিরোধী দলকেই দায়ী করেছে পুলিশ।