অভিযানে গিয়ে নাজু ডাকাতকে আহত অবস্থায় নিয়ে ফিরল পুলিশ
গ্রেপ্তারের পর মহেশখালীর নিজাম উদ্দিনকে (নাজু ডাকাত) নিয়ে অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে তাকে আহত অবস্থায় নিয়ে ফিরেছে পুলিশ।
গ্রেপ্তারের পর মহেশখালীর নিজাম উদ্দিনকে (নাজু ডাকাত) নিয়ে অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে তাকে আহত অবস্থায় নিয়ে ফিরেছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার ভোররাতে মহেশখালীর ঝাপুয়া এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ আহত হন নাজু ডাকাত। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার কক্সবাজারের চকরিয়ার বদখালী থেকে নাজু ডাকাতকে গ্রেপ্তার করা হয়। রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে নামে পুলিশের একটি দল।
অভিযানে নেতৃত্বে দেয়া কক্সবাজারে অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারের পর নাজুকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে দেয়া তথ্যানুসারে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যাওয়া হয়।
“রাত ২টার দিকে ঝাপুয়া এলাকায় অভিযান চালিয়ে নাজু ডাকাতের এক ফুপুর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হয়। পরে নাজুর দেয়া তথ্যানুসারে পাশের পাহাড়ের একটি পানের বরজে অভিযান চালাতে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়।”
‘বন্দুকযুদ্ধের’ সময় নাজু আহত হন জানিয়ে পুলিশ কর্মকর্তা বাবুল বলেন, পুলিশের এক উপ পরিদর্শক (এসআই) ও দুই সিপাহীও আহত হন।
অভিযানে তিনটি বন্দুক, ৯ রাউন্ড গুলি, একটি লম্বা চাকু উদ্ধার হয়েছে বলেও তিনি জানান। তবে কাউকে আটক করা যায়নি।
নাজুর বিরুদ্ধে হত্যার অভিযোগে ছয়টিসহ ২২ টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
