ফেইসবুক-ব্লগে নারীর প্রতি অবমাননাকর ভিডিওচিত্রের প্রতিবাদ
ইউটিউব ও ফেইসবুকে আপলোড করা নারীর প্রতি অবমাননাকর একটি ভিডিওচিত্র নিয়ে প্রতিবাদের ঝড় ওঠার পর সম্মিলিত উদ্যোগে ঘটনার জন্য দায়ীকে চিহ্নিতও করা গেছে
ইউটিউব ও ফেইসবুকে আপলোড করা নারীর প্রতি অবমাননাকর একটি ভিডিওচিত্র নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে। সম্মিলিত উদ্যোগে এ ঘটনার জন্য দায়ীকে চিহ্নিতও করা গেছে।
সম্প্রতি আমারব্লগের ব্লগার সুশান্ত দাস গুপ্ত এ বিষয়ে একটি অনুসন্ধানি ব্লগ প্রকাশ করেছেন, যেখানে ওই ঘটনার জন্য সৃজন আহমেদ নামে একজনকে দায়ী করা হয়।
ফেইসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, সৃজন আহমেদ নামের এক কিশোর এক কিশোরীর গালে চড় মারছে।
সুশান্ত তার ব্লগে লিখেছেন, ২০১০ সালের অক্টোবরে সৃজন আহমেদ এই ভিডিওটি নিজের ইউটিউব অ্যাকাউন্টে আপলোড করে। এতোদিন ভিডিওটি তেমন প্রচার না পেলেও কিছুদিন আগে মাসুদ রানা নামের একজন ফেইসবুকে সেটা আপলোড করার পরে দ্রুত তা ছড়িয়ে পড়ে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাক্তিগত দায়বোধ থেকে এ পিছনের ‘হোতাদের’ পরিচয় বের করতে অনুসন্ধান চালান বলে জানান সুশান্ত।
তিনি বলেন, শিবলী শিপু নামে সৃজনের এক সহযোগী ভিডিওচিত্রটি ধারণ করেন। সবার সহযোগিতায় সৃজন ও শিপুর পরিচয়ও তিনি পেয়েছেন।
দায়ীদের খুঁজে বের করতে সামাজিক যোগাযোগের মাধ্যমের এই ভূমিকা নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে একটি লেখাও প্রকাশিত হয়েছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওচিত্র তৈরিতে নিজের সম্পৃক্ততা স্বীকার করে সৃজন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০১০ সালে সিরাজগঞ্জের জুয়েলস অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে পড়ার সময় দুষ্টুমি করে এ ঘটনাটি ঘটিয়েছিলেন।”
ওই সময় তিনি নবম শ্রেনিতে পড়তেন। এইচএসসি পাশ করে বর্তমানে ঢাকায় থাকছেন তিনি।
ভিডিওচিত্র ধারণের কথা স্বীকার করলেও এটি ফেইসবুকে ছড়িয়ে পড়ার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন সৃজন।
“আমরা ভিডিও করেছিলাম। কিন্তু সম্প্রতি কে ভিডিওটি ফেইসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে তা আমি জানি না। আমি এর সাথে জড়িত নই।”
তিনি বলেন, ওই ঘটনার পরে স্কুল থেকে আমাকে শাস্তিও দেওয়া হয়। পরবর্তীতে আমার ও মেয়েটির পরিবার মিলে বিষয়টির মীমাংসা করে।
“বর্তমানে ওই মেয়েটির সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই,” দাবি সৃজনের।
সুশান্ত দাস গুপ্তের ব্লগ সম্বন্ধে তিনি বলেন, “ব্লগটি আপলোড হওয়ার পরে আমি সুশান্তকে ই-মেইল করি। তাকে পুরো ঘটনা খুলে বলি। কিন্তু তিনি আমার কোনো কথায় কান দেননি। এ ঘটনায় আমি কোনোভাবেই জড়িত নই।”
এ ধরনের সাইবার অপরাধ প্রতিরোধে গত বছরের ফেব্রুয়ারিতে বিটিআরসির বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম (সিএসআইআরটি) নামের একটি দল গঠন করা হয়। এ দলটি দায়িত্বে থাকলেও এখনো পর্যন্ত এর জন্য দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
সিএসআইআরটির সদস্য সচিব লেফটেনেন্ট কর্নেল রাকিবের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি কোনো কথা বলতে অস্বীকৃতি জানান।
তবে সিএসআইআরটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভিডিওটি মুছে ফেলার জন্য ফেইসবুক কর্তৃপক্ষের কাছে গত সপ্তাহে অনুরোধ জানানো হয়েছে। যে অ্যাকাউন্ট থেকে এটি আপলোড করা হয়েছিলো তার অ্যাকাউন্ট থেকে ইতিমধ্যে মুছে ফেলা হয়েছে। কিন্তু অনেকগুলো শেয়ার হওয়ায় সবগুলো আকাউন্ট থেকে মুছে ফেলতে কিছুটা সময় লাগবে।”
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইম শাখার পুলিশ সুপার আশরাফুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনাকে সাইবার ক্রাইম হিসেবে বিবেচনা করা যেতে পারে।
তিনি বলেন, “কারো অবমাননাকর চিত্র বা ভিডিওচিত্র সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা শাস্তিযোগ্য অপরাধ। সম্প্রতি এ ধরনের প্রচুর অভিযোগ আমাদের কাছে আসছে। সেগুলোর তদন্তও হচ্ছে। তবে আইনগত কিছু সীমাবদ্ধতা রয়েছে।
