২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসআইয়ের মৃত্যু: বন্দর থানার ওসি প্রত্যাহার

নারায়ণগঞ্জের বন্দর থানায় বিস্ফোরণে এসআই শাহজাহানের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠার পর থানার ওসি নূর মোহাম্মদকে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2013, 05:21 AM

Updated : 23 Aug 2022, 10:00 AM

নারায়ণগঞ্জের বন্দর থানায় বিস্ফোরণে এসআই শাহজাহানের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠার পর থানার ওসি নূর মোহাম্মদকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে তাকে প্রত্যাহার করা হয় বলে জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বন্দর থানার ওসি নূর মোহাম্মদকে প্রত্যাহার করা হয়েছে। সেখানে ফতুল্লা থানার সাবেক ওসি আব্দুল মতিনকে দায়িত্ব দেয়া হয়েছে।”

শাহজাহানের মৃত্যুর ঘটনায় তার পরিবার যে হত্যা মামলা করেছে, তার তদন্তভার বৃহস্পতিবার জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও পুলিশ সুপার জানান।

জেলা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মূলত মৃত্যুর আগে পরিবারের সদস্যদের কাছে দেয়া এসআই শাহজাহানের বক্তব্য এবং নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় ওসি নূর মোহাম্মদকে সরিয়ে নেয়া হয়েছে।

গত ১৩ ডিসেম্বর থানা প্রাঙ্গণে কথিত বিস্ফোরণে দগ্ধ হওয়ার চার দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এসআই শাহজাহান। মৃত্যুর আগে তিনি ওই ঘটনার জন্য থানার ওসি ও সেকেন্ড অফিসারকে দায়ী করে বক্তব্য দেন বলে দাবি করেছে তার পরিবার।

তবে শাহজাহানের মৃত্যুর পর জেলা পুলিশের গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, মদ্যপ অবস্থায় আগুনের তাপ পোহানোর সময় অগ্নিদগ্ধ হন শাহজাহান।

পুলিশের এই তদন্ত প্রতিবেদন প্রত্যাখান করে নিহতের পরিবার গত ২৩ ডিসেম্বর আদালতে নূর মোহাম্মদ, সেকেন্ড অফিসার বিনয় কৃষ্ণ করসহ অজ্ঞাত আরো দুজনকে আসামি করে হত্যা মামলার আবেদন করলে পুলিশকে লাশের ময়নাতদন্তের প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয় আদালত।

মৃত্যুর ১৭ দিন পর বৃহস্পতিবার ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পান মামলার তদন্ত কর্মকর্তা।

প্রতিবেদনে শাহজাহানের পাকস্থলীতে মদ ছিল বলে উল্লেখ করা হয়। এতে বলা হয়, আগুনে পুড়ে তার শরীরে তীব্র পানি শূন্যতা তৈরি হয়। তাছাড়া সারা শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ায় তার মৃত্যু হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নিহতের পরিবার ময়নাতদন্ত প্রতিবেদনও প্রত্যাখান করেছে।