৫০ বছরে মেরিন একাডেমি
বাংলাদেশ মেরিন একাডেমির সুবর্ণ জয়ন্তীতে নৌবিদ্যার এ শিক্ষায়তনের সাবেক ও বর্তমান ক্যাডেটদের নিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী উৎসব।
বাংলাদেশ মেরিন একাডেমির সুবর্ণ জয়ন্তীতে নৌবিদ্যার এ শিক্ষায়তনের সাবেক ও বর্তমান ক্যাডেটদের নিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী উৎসব।
শুক্রবার সকালে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে মেরিন একাডেমি ক্যাম্পাসে ‘গোল্ডেন জুবিলি স্মারক’ স্থাপনের মধ্য দিয়ে এই পুনর্মিলনী অনুষ্ঠানের শুরু হয়।
গত ৫০ বছরে বিভিন্ন সময়ে পাস করে বের হওয়া মেরিন ক্যাডেটদের পদচারণায় সকাল থেকেই মুখর হয়ে ওঠে একাডেমি ক্যাম্পাস।
মেরিন একাডেমি গোল্ডেন জুবিলি অর্গানাইজিং কমিটি জানায়, দুই দিনের এ আয়োজনে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণা থাকছে।
বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হুসাইন বলেন, একাডেমির সাবেক ও বর্তমান ক্যাডেট এবং পরিবারের সদস্যরা মিলিয়ে দুই হাজারেরও বেশি লোক এ অনুষ্ঠানে অংশ নেবেন বলে তারা আশা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বাংলাদেশ মেরিন একাডেমি থেকে পাস করা ক্যাডেটরা দেশি-বিদেশি বিভিন্ন জাহাজে সুনামের সঙ্গে কাজ করছেন। এখন থেকে কোর্স শেষ করে যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছেন, তাদের অনেকেই পুনর্মিলনীতে অংশ নেবেন বলে আমরা প্রত্যাশা করছি।”
১৯৬২ সালের ৩ সেপ্টেম্বর বাংলাদেশ মেরিন একাডেমি প্রতিষ্ঠার পর এই শিক্ষায়তন থেকে এ পর্যন্ত ৪৭টি ব্যাচ বেরিয়েছে। এ পর্যন্ত তিন হাজার দুইশ মেরিন ক্যাডেট নৌবিদ্যা ও নৌ প্রকৌশল ডিগ্রি নিয়েছেন এ প্রতিষ্ঠান থেকে।
