ভুল চিকিৎসায় মৃত্যু চিকিৎসকের
হাসপাতাল কর্তৃপক্ষের ভুলের কারণে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের ভুলের কারণে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
গত ২৩ ডিসেম্বর রাজধানীর গ্যাস্ট্রো লিভার হাসপাতালে পাইলসের অস্ত্রোপচার করতে গিয়ে অবস্থার অবনতি ঘটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মাজহারুল ইসলাম ইমরানের(৪৪)।
এরপর তাকে ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। কয়েকদিন সঙ্কটাপন্ন থাকার পর বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
ভুল চিকিৎসার অভিযোগ ওঠার পর ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভ্যাসকুলার অ্যান্ড হসপিটালের চিকিৎসক অধ্যাপক আব্দুল্লাহ আল শাফি মজুমদারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার মন্ত্রীর কারছে জমা দেয়া প্রতিবেদনে গ্যাস্ট্রো লিভার হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কথা উল্লেখ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটির এক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা ডা. ইমরানের অবস্থার অবনতিতে গ্যাস্ট্রো লিভার হসপিটালের দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছেন।
তবে কী ধরনের অবহেলা হয়েছিল, তা তদন্ত কমিটির ওই সদস্য এখনি জানাতে চাননি।
এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন।
পাইলস অপারেশন করতে গিয়ে ওই চিকিৎসকের মৃত্যু নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতারা।
বিএমএ’র সাবেক সভাপতি রশিদ-ই মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালগুলোতে এই ধরনের অবহেলার বিচারের জন্য সাধারণ মানুষের পক্ষে কোনো ধরনের আইন দেশে নেই।
“এসব ঘটনায় ক্ষতিগ্রস্তরা কেবল দেওয়ানি মামলা করতে পারে, এতে তারা ক্ষতিপূরণ বাবদ কিছু অর্থ পেতে পারেন। কিন্তু এই ধরনের মামলায় অবহেলার বিষয়টি প্রমাণ করা খুবই দুরহ।
