পুনর্বিচারের আবেদন খারিজ
তবে ট্রাইব্যুনাল পুনর্গঠিত হওয়ায় কেবল দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় দুই পক্ষের সমাপনী বক্তব্য আবার শুনবে আদালত।
যুদ্ধাপরাধের বিচার নতুন করে শুরু করতে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক আমির গোলাম আযম ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি ফজলে কবীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার এই আদেশ দেন।
তবে ট্রাইব্যুনালের আগের চেয়ারম্যানের পদত্যাগের পর ট্রাইব্যুনাল পুনর্গঠিত হওয়ায় সাঈদীর মামলায় দুই পক্ষের সমাপনী বক্তব্য আবার শুনবে আদালত।
যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ মামলাটি রায়ের অপেক্ষায় ছিল।
প্রসিকিউশনকে তাদের যুক্তি উপস্থাপনের জন্য ১৩ ও ১৪ জানুয়ারি এবং আসামি পক্ষকে ১৫ থেকে ১৭ জানুয়ারি সময় দিয়েছে ট্রাইব্যুনাল। তাদের সমাপনী বক্বব্যের পর ল’ পয়েন্টে বিতর্কের জন্যও কিছু সমায় দেয়া হবে।
স্কাইপে এক প্রবাসী আইন গবেষকের কথিত কথোপকথন নিয়ে বিতর্কের মধ্যে ট্রাইব্যুনালের চেয়ারম্যানের পদ থেকে বিচারপতি নিজামুল হকের পদত্যাগের পর জামায়াত নেতারা মামলার কার্যক্রম নতুন করে শুরুর এই আবেদন করেন।
আসামি পক্ষের দাবি, জিয়াউদ্দিন বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার ক্ষমতা রাখেন এবং বাস্তবে তার কাছ থেকে নির্দেশনা নেয়া হয়েছে।
এ কারণে তিন জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশও প্রত্যাহারের আবেদন করেন তাদের আইনজীবীরা।
মঙ্গলবার যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর শীর্ষ তিন নেতার পুনর্বিচারের আবেদনের ওপর শুনানি গ্রহণ শেষ করেন।
এ আবেদনের ওপর শুনানিতে আসামিপক্ষে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও প্রসিকিউশনের পক্ষে অ্যাটির্নি জেনারেল মাহবুবে আলম বক্তব্য দেন।
১৯৭১ সালে যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গোলাম আযমকে পাঁচটি, নিজামীকে ১৬টি ও দেলাওয়ার হোসাইন সাঈদীকে ২০টি মানবতাবিরোধী অপরাধের ঘটনায় অভিযুক্ত করে।
এর মধ্যে সাঈদীর মামলায় দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল-১ এর তখনকার প্রধান বিচারপতি নিজামুল হক গত ৬ ডিসেম্বর জানান, যে কোনো দিন এ মামলার রায় হতে পারে।
তিনি পদত্যাগ করার পর বিচারপতি ফজলে কবীরকে দ্বিতীয় ট্রাইব্যুনাল থেকে এনে প্রথম ট্রাইব্যুনালের চেয়ারম্যান করা হয়।
