২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবককে 'ধরে নিয়ে’ পুলিশের গুলি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2012, 04:10 AM

Updated : 25 Apr 2022, 10:02 PM

যশোরে ছিনতাইকারী অভিযোগে এক যুবককে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের চাঁচড়া ডাল মিল এলাকায় সুরুজ মিয়াকে (২২) গুলি করা হয়। তিনি ওই এলাকার ইসমাইল কলোনির আলমগীর হোসেনের ছেলে। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁচড়া পুলিশ ফাঁড়ির হাবিলদার আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক যুবকসহ আরো কয়েকজন ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল।

“পুলিশ ধাওয়া করলে তারা বোমা মারতে উদ্যত হয়। এসময় পুলিশ গুলি ছোড়ে।”

তবে গুলিবিদ্ধ যুবকের মা ও স্থানীয়রা দাবি করেছেন, ওই যুবককে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে, বোমা দিয়ে ফাঁসানো হয়েছে।

হাবিলদার মান্নান বলেন, “সন্ধ্যার দিকে চারজনের একদল ছিনতাইকারী চাঁচড়া ডালমিল কাস্টমস গোডাউনের সামনে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা বোমা ছুড়ে পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশ তাদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়লে সুরুজ হাঁটুতে গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়।”

আটকের পর সুরুজের কাছ থেকে দুটি বোমাও উদ্ধার করা হয় বলে জানান হাবিলদার মান্নান।

পুলিশ আরো জানায়, সুরুজ চিহ্নিত ছিনতাইকারী, তার বিরুদ্ধে ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে। কয়েকদিন আগে এক পথচারীর কাছ থেকে ছিনতাইকালে তার সহযোগী শুকুকে আটক করা হয়। তখন সুরুজ পালিয়ে গিয়েছিল।

এদিকে আহত সুরুজের মা কুটি বেগম সাংবাদিকদের বলেন, “বিকালে সুরুজ বাড়িতে টিভি দেখছিল। এ সময় হাবিলদার মান্নানসহ দুজন পুলিশ মোটর সাইকেল যোগে এসে তাকে ধরে নিয়ে যায়।”

কুটি বেগম বলেন, আটকের কারণ জানতে চাইলে তাকে ফাঁড়িতে যেতে বলেন হাবিলদার মান্নান। সেখানে গেলে তাকে ফাঁড়িতে গেলে তাকে তাড়িয়ে দেয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন সুরুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাকে বাড়ি থেকে ধরে ফাঁড়িতে নিয়ে মারধর করা হয়। এর আগে ছিনতাইকারী হিসেবে তাদের এলাকার টিপু, লিপু ও আলার নাম বলতে বলা হয়। তিনি বলতে রাজি না হওয়ায় তাকে মারধর করা হয়।

“পরে ফাঁড়ির কাছে ডাল মিলের পেছনে নিয়ে হাবিলদার মান্নানের সঙ্গে থাকা সাদা পোশাকের একজন পুলিশ আমার ডান পায়ে গুলি করে,” বলেন তিনি।

সুরজ আরো বলেন, তাকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে আটক করা হয়নি এবং তার কাছে কোনো বোমাও ছিল না।

স্থানীয় পৌর কাউন্সিলর আনিসুর রহমান মুকুল বলেন, সুরজের মা বিকালে তার কাছে এসে ছেলেকে ধরে নিয়ে যাওয়ার কথা বলেন। এর কিছুক্ষণ পর তাকে (সুরুজকে) গুলি করা হয়েছে বলে জানতে পারেন তিনি।

নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার শর্তে ডালমিল গোডাউন এলাকার এক বাসিন্দা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই এলাকায় ছিনতাইকারীদের ধাওয়া কিংবা বোমা বিস্ফোণের কোনো ঘটনা সন্ধ্যায় ঘটেনি।

“সুরুজকে আমার বাড়ির পাশে গুলি করা হয়েছে। কেন তাকে গুলি করা হল- জানতে চাইলে আমাকে ধমক দেন হাবিলদার মান্নান,” বলেন ওই ব্যক্তি।।

এই বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি গোলাম রহমানের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনিও সহকর্মীদের মতোই বলেন, “ছিনতাইয়ের প্রস্তুতিকালে পুলিশ ধাওয়া করলে দুর্বৃত্তরা বোমা মারার চেষ্টা করে। এসময় আত্মরক্ষার্থে গুলি ছোড়ে পুলিশ।”