২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরের হিমেল হাওয়ায় বাড়ছে শীত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2012, 03:49 AM

Updated : 25 Apr 2022, 10:02 PM

পৌষের প্রায় মাঝামাঝি এসে মৃদু শৈত্যপ্রবাহ কেটে গেলেও উত্তরের হিমেল হাওয়া বয়ে যাওয়ায় ঢাকাসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে বেশ শীত অনুভূত হচ্ছে।

মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ২৫ ডিগ্রি সেলসিয়াস।

এসময় ঢাকায় সর্বোচ্চ ২১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুকনো থাকবে। ঘন কুয়াশার কারণে দেশের পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করছে। তা অব্যাহত থাকবে কালও। ওই সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ৯-১০ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উত্তরের হিমেল হাওয়ায় দিনে ও রাতে বাতাসে তাপমাত্রা কমছে। সঙ্গে ঘন থেকে মাঝারি কুয়াশার চাদর বিস্তৃত হচ্ছে। এ ঠাণ্ডা আবহাওয়ায় শৈত্যপ্রবাহ না থাকলেও বেশ শীত অনুভূত হচ্ছে।”

শীতের শুরুতে দেশে এ ধরনের আবহাওয়া স্বাভাবিক বলেই জানান তিনি। আরো অন্তত দুই দিন একই অবস্থা বিরাজ করতে পারে বলে আভাস দেন এ আবহাওয়াবিদ।

ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার তারতম্য কমতে থাকায় বেশি শীত অনুভূত হচ্ছে বলে জানালেন রহমান।

এ বিষয়ে তিনি আরো বলেন, পৌষের মাঝামাঝি এসে দিনে সর্বোচ্চ তাপমাত্রা যেমন কমে, সর্বনিম্ন তাপমাত্রাও কমতে থাকে। এ
দুয়ের পার্থক্য কম থাকায় কুয়াশা বাড়ে; সঙ্গে হিমেল হাওয়া যোগ হলে বাড়ে শীতের অনুভূতি।

গেল বছরও এই সময়ে এমন আবহাওয়া বিরাজ করেছে বলে জানান এ কর্মকর্তা।

এবারও পৌষের প্রথম সপ্তাহে গত দুইদিন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায় রাজশাহী অঞ্চলে। শনিবার ঈশ্বরদী ও চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়। তা ফরিদপুর ও বরিশালেও বিস্তৃত হয়।

আবহাওয়াবিদরা জানান, ডিসেম্বরের শেষে এসে শীতের আমেজ বাড়তে থাকবে। জানুয়ারির মাঝামাঝিতে বাড়বে শীতের তীব্রতা।

চলতি মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে বলা হয়, মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে (১-২টি) মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি/ঘন কুয়াশা পড়তে পারে।