২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলন্ত ট্রেন থেকে ফেলে দিল ছিনতাইকারীরা

চলন্ত একটি ট্রেনে ছিনতাই চালিয়ে দুই যাত্রীকে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। একই ধরনের ঘটনা আগে ঘটলেও রেলপুলিশ উদাসীন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2012, 06:48 PM

Updated : 24 Aug 2022, 12:40 PM

চলন্ত একটি ট্রেনে ছিনতাই চালিয়ে রাজধানীর তেজগাঁওয়ে দুই যাত্রীকে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।

যাত্রীদের একজন গোলাম মোরশেদ ট্রমা সেন্টারে চিকিৎসাধীন। মাজহারুল ইসলাম নামের অন্যজনকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

রোববার সকালে তেজগাঁও রেল স্টেশনের কাছে দুজনকে ফেলে দেয়া হয় বলে তাদের স্বজনরা জানিয়েছেন। তবে এই বিষয়ে কোনো তথ্য নেই রেলপুলিশের কাছে।

মাজহার ও মোরশেদ টঙ্গীর একটি পোশাক কারখানায় শিক্ষানবিশ বস্ত্র প্রকোশলী হিসেবে কাজ করছেন।

মাজহারের ভাই রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাপ্তাহিক ছুটি শেষে তারা ভোরে তুরাগ ট্রেনে টঙ্গী যাচ্ছিল। তেজগাঁও স্টেশনের কাছাকাছি পৌঁছলে কয়েকজন ছিনতাইকারী ট্রেনের জানালা ও দরজা দিয়ে উঠেই মোরশেদের গলায় ফাঁস দেয়। সে অজ্ঞান হয়ে পড়লে তাকে মৃত ভেবে দরজা দিয়ে ফেলে দেয়।”

“মাজহারের কাছ থেকে সবকিছু নিয়ে তাকেও ফেলে দিয়ে চলন্ত ট্রেন থেকে নেমে যায় ছিনতাইকারীরা,” বলেন রানা।

স্থানীয়রা ওই দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে মোরশেদকে নেয়া হয় ট্রমা সেন্টারে।

রানা অভিযোগ করেন, “তারা ঢাকা জিআরপি থানায় ছিনতাই মামলা করতে গেলে মামলা নেয়নি থানার ডিউটি অফিসার।”

এভাবে ট্রেনে ছিনতাইয়ের আরো ঘটনা ঘটলেও পুলিশেষর সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে।

কমলাপুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক রেবেকা পারভিন বলেন, তার স্বামী জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আজিজুর রহমানকে গত ১৯ নভেম্বর জয়দেবপুর এলাকায় ‘তুরাগ’ এক্সপ্রেস থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা।

ডা. আজিজ মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৮ নভেম্বর মারা যান।

“পরবর্তীতে ঢাকা জিআরপি থানায় মামলা করতে গেলে দেরিতে আসায় কথা বলে মামলা নেয়নি,” বলেন রেবেকা।

তিনি আরো জানান, ২০ নভেম্বর একই কায়দায় তার এক সহকর্মীর স্বজনকেও তুরাগ ট্রেন থেকে ফেলে দেয়া হয় এবং ওই ব্যক্তি মারা যান।

এই বিষয়ে কথা বলতে জিআরপি থানার ওসি আলাউদ্দিন চৌধুরীকে টেলিফোন করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি চট্টগ্রামে ব্যস্ত আছি।”

থানায় যোগাযোগ করা হলে এসআই আনোয়ার কামাল বলেন, তিনি কিছু জানেন না। কেউ মামলা কিংবা অভিযোগ নিয়ে যায়নি।

কয়েক মাস আগে গাজীপুরে রেললাইনের ধারে কয়েকটি লাশ পাওয়া যায়, সেগুলোর ক্ষেত্রে ছিনতাইকারীরা জড়িত বলে অভিযোগ রয়েছে।

তখন তৎকালীন রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের ঘটনাস্থলে যান এবং রেল কর্মকর্তাদের তিরস্কার করেন।