অজিত করাতী হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড
কেরানীগঞ্জে অজিত করাতী হত্যা মামলায় পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
কেরানীগঞ্জে অজিত করাতী হত্যা মামলায় পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এবিএম সাজেদুর রহমান সোমবার এই রায় ঘোষণা করেন।
পাঁচ জনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি দুই জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক। আর অপরাধ প্রমাণিত না হওয়ায় বাকি ১২ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
ওই আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মামলার আসামি সালাউদ্দিন, মনোরঞ্জন, গোপাল করাতী, উমেশ করাতী ও পরান করাতীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
আর ১০ বছরের কারাদণ্ড হয়েছে শহীদুল ইসলাম মুন্না ও রাধাকান্ত করাতীর।
মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তদের মধ্যে উমেশ করাতী পলাতক। বাকি চারজনের উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করে।
পিপি জানান, শহীদুল ও রাধাকান্তকে ১০ বছরের সশ্রম কারাদাণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১০ সালের ২০ এপ্রিল প্রতিপক্ষের হামলায় নিহত হন অজিত করাতী। পরদিন নিহতের ভাই তপন করাতী কেরানীগঞ্জ থানায় এই হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ ২০১০ সালের ৩০ জুন এ মামলায় ২৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। এরপর ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদালত।
