আইনমন্ত্রীর বিরুদ্ধে অবমাননার অভিযোগ সালাউদ্দিন কাদেরের
বিচারপতি নিজামুল হকের কথিত ‘স্কাইপ কথোপকথনের’ ভিত্তিতে আইনমন্ত্রী শফিক আহমেদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অবমাননার অভিযোগ এনেছেন যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী।
বিচারপতি নিজামুল হকের কথিত ‘স্কাইপ কথোপকথনের’ ভিত্তিতে আইনমন্ত্রী শফিক আহমেদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অবমাননার অভিযোগ এনেছেন যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী।
তার আইনজীবী ফখরুল ইসলাম ও আহসানুল হক সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই আবেদন জমা দেন।
ফখরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আবেদন জমা দিয়েছি। পরে তা শুনানির জন্য আদালতে উঠবে।”
ওই আবেদনে বলা হয়, ট্রাইব্যুনাল-১ এর পদত্যাগী চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের সঙ্গে ব্রাসেলস প্রবাসী আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের স্কাইপ কথোপকথনে ‘এটা স্পষ্ট যে’ আইনমন্ত্রী শফিক আহমেদ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া ‘প্রভাবিত করার চেষ্টা’ করেছিলেন।
এর আগে গত ১৯ ডিসেম্বর একই কারণ দেখিয়ে প্রসিকিউটর জেয়াদ আল মালুমকে অপসারণের আবেদন করেছিলেন সাকা চৌধুরী।
আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে স্কাইপের মাধ্যমে বিচারপতি নিজামুল হকের সেই কথিত কথোপকথন সম্প্রতি দৈনিক আমার দেশে প্রকাশ করা হয়। এর পর গত ১১ ডিসেম্বর ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেন নিজামুল হক।
পরে প্রসিকিউটরদের এক আবেদনে ওই কথোপকথনের অনুলিপি বা তার ভিত্তিতে কোনো প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ না করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালে বিএনপি নেতা সালাউদ্দিন কাদেরের যুদ্ধাপরাধের মামলা সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে।
