এসআইয়ের মৃত্যু ঘটনায় ওসির বিরুদ্ধে মামলা
বন্দর থানার কোয়ার্টারে বিস্ফোরণে উপ-পরিদর্শক শাহজাহানের মৃত্যুর ৬ দিন পর ওসিসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন তার স্ত্রী।
বন্দর থানার কোয়ার্টারে বিস্ফোরণে উপ-পরিদর্শক শাহজাহানের মৃত্যুর ৬ দিন পর ওসিসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন তার স্ত্রী।
রোববার দুপুরে নিহত শাহজাহান এর স্ত্রী লায়লা সাজু নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।
গত ১৩ ডিসেম্বর অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ ডিসেম্বর মারা যান এসআই শাহজাহান।
বাদী পক্ষের আইনজীবী খালেদ হোসেন সরকার রুমী সাংবাদিকদের জানান, মামলায় আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
মামলায় বন্দর থানার ওসি নূর মোহাম্মদ, সেকেন্ড অফিসার উপ পরিদর্শক (এস আই) বিনয় কৃষ্ণ রায় ও অজ্ঞাত আরো দুই জনকে আসামি করা হয়েছে।
বিচারিক হাকিম চাঁদনী রূপম বাদীর আর্জি শুনলেও পরে এ বিষয়ে আদেশ দেবেন বলে জানিয়েছেন।
মামলায় বলা হয়, আসামিরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে শাহজাহানকে হত্যা করেছে।
শাহজাহানের মৃত্যুর পর পুলিশের দেয়া প্রতিবেদনকে ‘সম্পূর্ণ মনগড়া’ আখ্যায়িত করে মামলার আরজিতে বলা হয়, পুলিশের উর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার যোগসাজশে পুরো বিষয়টি ভিন্ন দিকে ধাবিত ও ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
এতে বলা হয়, শাহজাহান বন্দর থানায় এসআই এর দায়িত্ব পালনের সময়ে কর্মকর্তারা তাকে থানার মালখানার দায়িত্ব দেন।
‘গত কয়েকদিন ধরে ওসি নূর মোহাম্মদ বেপারী ও সেকেন্ড অফিসার এসআই বিনয় কৃষ্ণ কর মালখানার মালামাল শাহজাহানকে সরিয়ে নিতে বলেন। তবে এতে তিনি রাজি হননি।’
বাদীর দাবি, গত ১৩ ডিসেম্বর রাতে শাহজাহান থানার কোয়ার্টারের সামনের বারান্দায় দাঁড়িয়ে থাকার সময় ওসি নূর মোহাম্মদ, সেকেন্ড অফিসার বিনয় কৃষ্ণসহ অজ্ঞাত আরো দুই জন তার দিকে বোমা ছোড়ে। বিকট শব্দে বিস্ফোরণে শাহজাহানের শরীর পুড়ে যায়।
মারা যাওয়ার আগে শাহজাহান তার মৃত্যুর জন্য ওসি ও সেকেন্ড অফিসারকে দায়ী করে ঘটনার বিবরণ দিয়ে গেছেন দাবি করে আরজিতে বলা হয়, ওই বর্ণনা শাহজাহানের ছেলে মোরশেদ জাহান শুভ্রর মোবাইল ফোনে রেকর্ড করে রাখা হয়েছে।
ঘটনার পর থেকে পুলিশ বিস্ফোরণের কথা বলে এলেও পরে তদন্ত প্রতিবেদনে বলা হয়, গাছের পাতা জ্বালিয়ে আগুন পোহানোর সময় মদ পান করতে গিয়ে শাহাজাহান অগ্নিদগ্ধ হন। তার পকেটে থাকা ইনহেলার ও মদের বোতল বিস্ফোরিত হয়।
জেলার পুলিশ সুপার শেখ নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বেলেন, “নিহত শাহাজাহনের স্ত্রী আদালতে হত্যা মামলা করেছেন বলে শুনেছি। তবে আদালত থেকে আমরা কোনো নির্দেশনা পাইনি। আদালত যেভাবে নির্দেশনা দেবে সে অনুযায়ীই ব্যবস্থা নেয়া হবে।”
