২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুনি গ্রেপ্তারের দাবিতে অনশনে সাংবাদিকরা

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে প্রতীকী অনশনে বসেছেন সাংবাদিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2012, 09:48 AM

Updated : 24 Aug 2022, 12:40 PM

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে প্রতীকী অনশনে বসেছেন সাংবাদিকরা।

সাংবাদিকদের শীর্ষ চার সংগঠনের আয়োজনে রোববার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে দিনব্যাপী এই অনশন কর্মসূচি শুরু হয়।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দুই অংশ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুটি অংশ, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির শীর্ষ নেতৃবৃন্দসহ শতাধিক সাংবাদিক বিকাল ৪টা পর্যন্ত এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

বিএফইউজের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, “সাগর-রুনি হত্যার প্রকৃত অপরাধীরা এখনো গ্রেপ্তার হয়নি। যারা তাদের হত্যা করেছে, তাদের নাম দ্রুত প্রকাশ, গ্রেপ্তার ও বিচার করতে হবে।”

“স্বরাষ্ট্রমন্ত্রী এ হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তারের কথা বলেছেন। তদন্তের নামে যে দীর্ঘসূত্রতা চলছে সাংবাদিক সমাজ তা মেনে নেবে না।”

খুনিদের আড়ালের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেনে এই সাংবাদিক নেতা।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, “যতদিন পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হবে না, স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা না হবে, ততোদিন সাংবাদিকরা আন্দোলন করে যাবে।”

বিএফইউজের অপর অংশের সভাপতি রুহুল আমীন গাজী বলেন, “সরকার সাংবাদিক দম্পতি হত্যার তদন্তের নামে টালবাহানা ও সময়ক্ষেপন করছে। পুলিশ-র্যা ব হত্যাকারীদের ধরতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীসহ সবাই সাংবাদিকদের সঙ্গে তামাশা করছেন। এ হত্যার বিচার না হলে গণমাধ্যম মুক্ত হবে না।”

বিকেল ৪টায় অনশন শেষে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
এর আগে গত ১০ ডিসেম্বর এক সমাবেশ থেকে অনশনের এই কর্মসূচি ঘোষণা করে ইকবাল সোবহান চৌধুরী বলেছিলেন, এরপর আমরণ গণ-অনশন কর্মসূচিও আসতে পারে।

মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি গত ১১ ফেব্রুয়ারি রাজধানীতে নিজের বাসায় খুন হন।

গত ৯ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, সাগর-রুনি হত্যাকাণ্ডে সন্দেহভাজন আটজনকে সনাক্ত করা হয়েছে। এর মধ্যে নিহত সাংবাদিক দম্পতির পারিবারিক বন্ধু তানভীরসহ সাতজন রয়েছেন। আর তাদের মধ্যে পাঁচজন ডা. নিতাই হত্যা মামলারও আসামি।

সাগর-রুনি হত্যকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যে অসন্তোষ প্রকাশ করে ‘প্রকৃত’ খুনিদের গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি পালন করে আসছে সাংবাদিক সংগঠনগুলো।

সাগর-রুনি হত্যাকাণ্ডের পাশাপাশি সব সাংবাদিক হত্যার বিচার, সাংবাদিকদের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতেরও দাবি জানিয়ে আসছেন সাংবাদিকরা।