২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাম্প্রদায়িকতাবিরোধী’ সম্মেলনের ডাক

রাজধানীর মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে এই সম্মেলন হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2012, 03:38 AM

Updated : 24 Aug 2022, 12:40 PM

দেশের শীর্ষস্থানীয় ১৫ জন শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক ও মানবাধিকারকর্মী রোববার সাম্প্রদায়িকতাবিরোধী সম্মেলন আহ্বান করেছেন।

রাজধানীর মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে এই সম্মেলন হবে।

আয়োজকদের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এমএম আকাশ শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কক্সবাজারের রামুতে সাম্প্রদায়িক সন্ত্রাস এবং যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতে সারা দেশে যে সহিংস কর্মকাণ্ড চলছে তা প্রতিরোধে সবাইকে সোচ্চার হতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

“মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সবাই যাতে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ায় সেজন্য এই সম্মেলন।”

এর আগে এমএম আকাশ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সালাহউদ্দিন আহমেদ, সরদার ফজলুল করিম, মুস্তাফা নূরউল ইসলাম, জিল্লুর রহমান সিদ্দিকী, সিরাজুল ইসলাম চৌধুরী, সৈয়দ শামসুল হক, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, কাইয়ুম চৌধুরী, হামিদা হোসেন, আনিসুজ্জামান, কামাল লোহানী, রামেন্দু মজুমদার, সেলিনা হোসেন, সুলতানা কামাল ও মুহম্মদ জাফর ইকবাল এই সম্মেলন আহ্বান করেছেন।

রোববার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সম্মেলন হবে।

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবী, ছাত্র-যুব সংগঠন এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেবেন।

ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগ তুলে গত ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। রাতভর হামলায় সাতটি বৌদ্ধ মন্দির, অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। পরদিন একই ধরনের হামলা হয় উখিয়া, টেকনাফ ও চট্টগ্রামের পটিয়ায়।

এদিকে, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক নেতাদের মুক্তি দাবিতে নভেম্বরের শুরু থেকে সারা দেশে পুলিশের ওপর চড়াও হয় জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

এ দাবিতে চলতি মাসে তারা একদিন হরতালও পালন করে। আইনমন্ত্রীর গাড়িবহরও জামায়াত-শিবিরের হামলার মুখে পড়ে।

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সংগঠন জামায়াতে ইসলামীর এই সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদ এবং জামায়াতসহ সব সাম্প্রদায়িক দল নিষিদ্ধসহ কয়েকটি দাবিতে গত ১৮ ডিসেম্বর কয়েকটি বামপন্থী দলের ডাকে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল হয়।