২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে মেয়র পদে শরফুদ্দিন এগিয়ে

১৭৮টি কেন্দ্রের মধ্যে অধিকাংশের ফলাফলে দেখা যায়, নাগরিক কমিটির প্রার্থী এই আওয়ামী লীগ নেতা সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2012, 09:08 PM

Updated : 24 Aug 2022, 12:39 PM

রংপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র হওয়ার লড়াইয়ে এগিয়ে রয়েছেন নাগরিক কমিটির প্রার্থী আওয়ামী লীগ নেতা শরফুদ্দিন আহমদ ঝন্টু।

বৃহস্পতিবার দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের পর রাত ২টা পর্যন্ত গণনায় দেখা যায়, মেয়র পদে শরফুদ্দিন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজার রহমান মোস্তফার চেয়ে ২৭ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।

ওই সময়ে ১৭৮টি কেন্দ্রের মধ্যে ১৬০টি কেন্দ্রের ফলাফল নগরীর পুলিশ কমিউনিটি হলে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া যায়।

তাতে দেখা যায়, মটর সাইকেল প্রতীক নিয়ে নাগরিক কমিটি প্রার্থী শরফুদ্দিন আহমেদ পেয়েছেন ৯৫ হাজার ৬০৭ ভোট। হাঁস প্রতীক নিয়ে জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত ও তৃণমূল জাতীয় পার্টির জেলা আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা পেয়েছেন ৬৮ হাজার ৮২০ ভোট।

রিটার্নিং কর্মকর্তা মনিরুল ইসলাম নগরীর পুলিশ কমিউনিটি হলে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে ভোটের সর্বশেষ তথ্য জানাচ্ছেন।

রাত পৌনে ১১টায় ১০০টি কেন্দ্রের ফলাফল ঘোষণার আগে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ১০ মিনিট গণনা বন্ধ থাকে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিটি করপোরেশন এলাকার ১৭৮টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ হয়। এতে অংশ নেন প্রায় সাড়ে ৩ লাখ ভোটার।

জাতীয় পার্টির এক সময়ের নেতা শরফুদ্দিন ও মোস্তফা দুজনই সকালে ভোট দিয়ে সাংবাদিকদের বলেছিলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। ফল যাই হোক, তারা তারা মেনে নেবেন।

তবে গণমঞ্চের প্রার্থী বিএনপি নেতা কাওছার জামান বাবলা ভোট কারচুপির অভিযোগ তুলে সন্ধ্যায় নির্বাচন বয়কটের ঘোষণা দেন।

নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করে রিটার্নিং কর্মকর্তা ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের বলেন, “সব কেন্দ্রেই শান্তিপূর্ণ ও উৎসবের আমেজে ভোট হয়েছে। ভোটারদের মধ্যে নারীদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।”

কনকনে শীতে উপেক্ষা করে সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি দেখা যায়।১১ নম্বর ওয়ার্ডের চারটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ নিয়েও উৎস্যুক ছিলেন ভোটাররা।

তবে নির্বাচনী এলাকার ৭০টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ না থাকায় প্রতিটি কেন্দ্রে তিনটি করে চার্জার লাইট দিয়ে ভোটগ্রহণ হয় বলে রিটার্নিং কর্মকর্তা জানান।

সকালে ৩৩ নম্বর ওয়ার্ডের মহেন্দ্রপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাইরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় পুলিশ তিন যুবককে গ্রেপ্তার করে বলে জানান কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন।

এছাড়া আর কোথাও বড় কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রংপুর সিটি করপোরেশনের ৩ লাখ ৫৭ হাজার ৭৪২ জন ভোটারের মধ্যে পুরুষ ১ লাখ ৭৯ হাজার ১২৮ জন এবং নারী ১ লাখ ৭৮ হাজার ৬১৪ জন।

বিএনপি ও জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী না থাকলেও এই নির্বাচনে মেয়র পদে ১২ জন এবং কাউন্সিলর পদে ৪০৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

মেয়র পদের অন্য প্রার্থীরা হলেন- জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত এবং তৃণমূল জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক আব্দুর রউফ মানিক, নাগরিক মঞ্চের কাজী মাজিরুল ইসলাম লিটন, বাসদের আব্দুল কুদ্দুস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম গোলাম মোস্তফা বাবু।

এছাড়া রয়েছেন ফিরোজ কবির চৌধুরী গুঞ্জন, ফারুখ আজিজ শাহীন, আলী হায়দার দুলু, মেহেদী হাসান বনি ও সাফিউর রহমান সফি।

সিটির ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩১৭ জন এবং ১১টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯১ জন প্রার্থী হয়েছেন।

নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় তিন শতাধিক র‌্যাব, চার হাজার ১২৪ জন পুলিশ ও আনসার, দুই প্লাটুন বিজিবি, ৪৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ছয় জন বিচারিক ম্যাজিস্ট্রেট, ১২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের একটি পর্যবেক্ষক দল দায়িত্ব পালন করেন।

প্রতিটি ভোট কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। আর ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন ভিজিলেন্স টিমের দায়িত্বে। ৫০টি কেন্দ্রে ভিডিও ক্যামেরা বসানো হয়। ভোট কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার ছিল নিষিদ্ধ।