২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের পোশাক খাতে জিএসপি সুবিধা পুনর্বিবেচনার দাবি

তাজরিন কারখানায় অগ্নিকাণ্ডে শতাধিকের প্রাণহানিতে বাংলাদেশে শ্রম অধিকার নিয়েও উদ্বেগ জানিয়েছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের ১২ সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

লাবলু আনসার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2012, 08:51 PM

Updated : 24 Aug 2022, 12:39 PM

তাজরিন ফ্যাশনসে স¤প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র কংগ্রেসে বাংলাদেশ ককাসের চেয়ারম্যান জোসেফ ক্রাউলিসহ ১২ সদস্য বাংলাদেশে অবনতিশীল শ্রম অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

সেই সঙ্গে তারা জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্সেস (জিএসপি) এর আওতায় বাংলাদেশে কারখানার কমপ্লায়েন্স বিষয়ে পর্যালোচনা সম্পন্ন করার জন্য যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক প্রতিনিধি রন কির্কের প্রতি আহবানও জানান।

রন কির্ক দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামার বাণিজ্য বিষয়ক প্রধান উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। ওবামা প্রশাসনে বাণিজ্য বিষয়ক প্রধান এই ব্যক্তিকে লেখা এক চিঠিতে কংগ্রেস সদস্যরা তাদের উদ্বেগের কথা জানান।

ওই চিঠিতে বলা হয়, “বাংলাদেশে শ্রমিকদের কাজের পরিবেশ এবং তাদের অধিকারের অবনতি ঘটায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। স¤প্রতি তাজরিন ফ্যাশনসে ভয়াবহ আগুনে একশ’রও বেশি শ্রমিকের প্রাণহানির ঘটনা তারই প্রমাণ।

“বাংলাদেশে কারখানায় কাজের পরিবেশ এবং শ্রমিকদের অধিকারের ক্ষেত্রে কোনো সংস্কার হয়নি, বরং মনে হচ্ছে তা উল্টো দিকে যাচ্ছে; যা দেখে আমরা হতাশ।”

বাংলাদেশে শ্রমিক অধিকারের অবনতির জন্য দায়ী বেশ কিছু বিষয় উল্লেখ করা হয় ওই চিঠিতে।

যার মধ্যে রয়েছে, শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যাকাণ্ডের সুরাহা না হওয়া, শ্রমিক নেতাদের বিরুদ্ধে চলমান ফৌজদারি মামলা, কারখানায় অপর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও অন্যান্য নিরাপত্তা সংশ্লিষ্ট ইস্যু এবং শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার না দেয়া ইত্যাদি।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, সেদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলো বিশেষ অগ্রাধিকারমূলক শুল্ক ছাড় পেয়ে থাকে। তবে শ্রমিক অধিকার সংরক্ষণে কাক্সিক্ষত অগ্রগতি না হলে তারা এই বিশেষ সুবিধা হারাতে পারে।

সা¤প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি বাংলাদেশে শ্রমিক অধিকারের রেকর্ড পর্যালোচনা করে আসছেন। কংগ্রেসম্যানরা এখন এই পর্যালোচনা সম্পন্ন করার আহবান জানাচ্ছেন।

চিঠিতে স্বাক্ষরকারীরা হলেন, জো ক্রাউলি, স্যান্ডার লেভিন, জিম ম্যাকডারমট, বিল প্যাসক্রেল, চার্লস র‌্যানগেল, পেট স্টার্ক, জন লিউইস, রিচার্ড নিল, রন কিন্ড, ক্রিস ভান হলেন, বেটি ম্যাককোলাম ও জিম মোরান। এরা সবাই ডেমোক্রেটদলীয় সদস্য।

গত ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের তাজরিন ফ্যাশনস কারখানায় অগ্নিকাণ্ডে ১১১ জন শ্রমিকের মৃত্যু হয়।

এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনাও বাংলাদেশের পোশাক কারখানায় ট্রেড ইউনিয়ন সুবিধা না থাকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এতে তার দেশের ক্রেতারা এ দেশের পোশাক শিল্প থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন।

তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় গত ১২ ডিসেম্বর বাটেক্সপোর উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বাংলাদেশের বিষয়ে পরামর্শ দেয়ার আগে ড্যান মজিনার উচিত তারা নিজের দেশে পূর্ণাঙ্গ ট্রেড ইউনিয়ন চালু করা।

তাজরিন কারখানায় ওয়ালমার্টের মতো যুক্তরাষ্ট্রের নামি প্রতিষ্ঠানের পোশাকও তৈরি হচ্ছিল, যা প্রকাশ হওয়ার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শ্রমিক ও মানবাধিকার সংগঠন বাংলাদেশের কারখানার কাজের পরিবেশ নিয়ে উচ্চকণ্ঠ।