২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পর্যবেক্ষণে’ বাছাই ৫ সংবাদপত্রকে

সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে কেনার জন্য পাঁচটি সংবাদপত্র নির্দিষ্ট করে দিলেও কীসের মাপকাঠিতে এটা করা হয়েছে, তা স্পষ্ট করতে পারেনি তথ্য মন্ত্রণালয়। রিয়াজুল বাশারের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2012, 08:43 PM

Updated : 24 Aug 2022, 12:39 PM

সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে কেনার জন্য তথ্য মন্ত্রণালয়ের পাঁচটি সংবাদপত্র নির্দিষ্ট করে দিলেও কীসের মাপকাঠিতে এটা করা হয়েছে, তা স্পষ্ট করতে পারেনি মন্ত্রণালয়।

সম্প্রতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদপত্রের যে তালিকা দেয়া হয় কেনার জন্য, তাকে প্রচার সংখ্যার দিক থেকে সামনে থাকা সংবাদপত্রগুলোর নাম নেই, যা নিয়ে ওই সংবাদপত্রগুলোর মধ্য থেকে প্রশ্ন তোলা হয়েছে।

পাশাপাশি এই মতও এসেছে, প্রচার সংখ্যার বিষয়টি বাদ দিলেও সরকারি ব্যয়ে সংবাদপত্র কেনার ক্ষেত্রে একটি নীতিমালা অন্তত থাকা উচিত।

পাঁচটি সংবাদপত্র বাছাইয়ে মাপকাঠি কী ছিল- জানতে চাওয়া হলে তথ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা জাস্ট অবজারভেশন (পর্যবেক্ষণ)।”

গত ৬ ডিসেম্বর তথ্য মন্ত্রণালয়ের এক আদেশে পাঁচটি দৈনিক সংবাদপত্রের নাম উল্লেখ করে বলা হয়েছে, এই পত্রিকাগুলোকে ‘সব মন্ত্রণালয় ও বিভাগ, স্বায়ত্তশাষিত ও আধা স্বায়ত্তশাষিত প্রতিষ্ঠান, অধিদপ্তর ও দপ্তরগুলোর গ্রাহক তালিকায়’ অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংবাদপত্র নির্দিষ্ট করে দিয়ে এই ধরনের লিখিত আদেশ এটাই প্রথম বলে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তথ্য মন্ত্রণালয় যে পাঁচটি সংবাদপত্রের নাম উল্লেখ করেছে- সেগুলো হল দৈনিক জনকণ্ঠ, সংবাদ, ইত্তেফাক, ডেইলি সান ও ইন্ডিপেনডেন্ট।

সরকারি প্রতিষ্ঠান চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের হিসাবে প্রচার সংখ্যায় সামনের সারিতে থাকা বাংলা দৈনিক বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো, কালের কণ্ঠ, যুগান্তর, সমকালের মতো সংবাদপত্রের নাম নেই এতে।

তেমনি ইংরেজি দৈনিক ডেইলি স্টার, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস কিংবা নিউ এইজের নামও নেই এই তালিকায়।

তথ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব লাইসুর রহমান সাক্ষরিত ওই আদেশ ইতোমধ্যে বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওই মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

তথ্যসচিব অবশ্য বলেছেন, এই পাঁচটি সংবাদপত্র রাখা বাধ্যতামূলক নয়।

“এগুলোও রাখতে পারে, আবার এর বাইরেও রাখতে পারে। কোনো বাধ্যবাধকতা নেই।”

তথ্য সচিব বলেন, “তারা (স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান) নানাভাবে পত্রিকা কেনে। নীতিমালা তৈরি করা হয়নি। কোনো বাধ্যবাধকতা আরোপ করা ঠিক হবে না।”

তবে এ আদেশের মাধ্যমে মন্ত্রণালয় ‘বুদ্ধিমত্তার’ পরিচয় দেয়নি বলে মনে করেন দীর্ঘদিন ধরে বিভিন্ন সংবাদপত্রে গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালনকারী সাংবাদিক মোজাম্মেল হোসেন মন্জু।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো মন্ত্রণালয়, বিভাগ কোন সংবাদপত্র কিনবে সে বিষয়ে সিদ্ধান্ত দেয়ার দায়িত্ব তথ্য মন্ত্রণালয়ের আছে কি না, তা আমার জানা নেই।”

“তবে সংবাদপত্রগুলো যেহেতু ব্যক্তি মালিকানায় চলে, তাই এগুলোর গ্রাহক হওয়ার জন্য সরকারের একটি মাপকাঠি থাকা উচিৎ।”

মোজাম্মেল হোসেন সর্বশেষ আমাদের সময়ের সম্পাদক ছিলেন। এর আগে সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক, প্রথম আলোর উপসম্পাদকের দায়িত্বেও ছিলেন তিনি।