রংপুর নির্বাচনে চার ঘণ্টায় ৪০ শতাংশ ভোট
রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে দুপুর ১২টা পর্যন্ত ৪০ শতাংশের মতো ভোট পড়েছে বলে ধারণা করছে নির্বাচন কমিশিন।
এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি দুপুর পৌনে ১২টা পর্যন্ত প্রায় ৪০টি কেন্দ্র পরিদর্শন করেছেন।এসব কেন্দ্রে তাতে প্রায় ৪০-৪২ ভাগ ভোট পড়েছে বলে তিনি ধারণা পেয়েছেন।
“সব কেন্দ্রেই শান্তিপূর্ণ ও উৎসবের আমেজে ভোট হচ্ছে। ভোটারদের মধ্যে নারীদের উপস্থিতি লক্ষ্যণীয়।”
বৃহস্পতিবার সকাল ৮টায় সিটি করপোরেশন এলাকার ১৭৮টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। এ নির্বাচনে ভোট দিচ্ছেন প্রায় সাড়ে তিন লাখ ভোটার।
কনকনে শীতে উপেক্ষা করেই সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি দেখা যায়।
তবে নির্বাচনী এলাকার ৭০টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ না থাকায় প্রতিটি কেন্দ্রে তিনটি করে চার্জার লাইট দিয়ে ভোট গ্রহণ হচ্ছে বলে রিটার্নিং কর্মকর্তা জানান। এ কারণে সকালে কয়েকটি কেন্দ্রে ভোট শুরু হতে সামান্য দেরি হয় বলেও জানা গেছে।
সকালে ৩৩ নম্বর ওয়ার্ডের মহেন্দ্রপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাইরে এক ভোটারকে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ক্ষুরসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে বলে কোতয়ালী থানার ওসি আলতাফ হোসেন জানান।
এছাড়া সকাল থেকে আর কোথাও বড় কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৩ লাখ ৫৭ হাজার ৭৪২ জন ভোটার তাদের নগরকর্তা বেছে নিতে ভোট দিচ্ছেন এদিন। ভোটারদের মধ্যে পুরুষ ১ লাখ ৭৯ হাজার ১২৮ জন এবং নারী ১ লাখ ৭৮ হাজার ৬১৪ জন।
বিএনপি ও জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী না থাকলেও এই নির্বাচনে মেয়র পদে ১২ জন এবং কাউন্সিলর পদে ৪০৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, মেয়র পদে নাগরিক কমিটির প্রার্থী আওয়ামী লীগ নেতা শরফুদ্দিন আহমেদ ঝন্টু এবং জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত মোস্তাফিজার রহমান মোস্তফার মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে তারা মনে করছেন।
সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়ে দুই প্রার্থীই বলেন, ভোট সুষ্ঠু হচ্ছে। এভাবে চললে ফলাফল যাই হোক, তারা মেনে নেবেন।
মেয়র পদের অন্য প্রার্থীরা হলেন- গণমঞ্চের প্রার্থী বিএনপি নেতা কাওছার জামান বাবলা, জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত এবং তৃণমূল জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক আব্দুর রউফ মানিক, গণমঞ্চের কাওছার জামান বাবলা, নাগরিক মঞ্চের কাজী মাজিরুল ইসলাম লিটন, বাসদের আব্দুল কুদ্দুস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম গোলাম মোস্তফা বাবু।
এছাড়া রয়েছেন ফিরোজ কবির চৌধুরী গুঞ্জন, ফারুখ আজিজ শাহীন, আলী হায়দার দুলু, মেহেদী হাসান বনি ও সাফিউর রহমান সফি।
রিটার্নিং ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দপ্তর জানিয়েছে, সিটির ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩১৭ জন এবং ১১টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯১ জন প্রার্থী হয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, ‘ঝুঁকিপূর্ণ’ ১০৪টি ভোট কেন্দ্রে ২৪ জন এবং সাধারণ কেন্দ্রে ২২ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্বে রয়েছেন।
নির্বাচনী এলকার আইনশৃঙ্খলা রক্ষায় তিন শতাধিক র্যাছব, চার হাজার ১২৪ জন পুলিশ ও আনসার, দুই প্লাটুন বিজিবি, ৪৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ছয় জন বিচারিক ম্যাজিস্ট্রেট, ১২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের একটি পর্যবেক্ষক দল দায়িত্ব পালন করছেন।
প্রতিটি ভোট কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। আর ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন ভিজিলেন্স টিমের দায়িত্বে। ৫০টি কেন্দ্রে ভিডিও ক্যামেরা বসানো হয়েছে। ভোট কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
এ নির্বাচনে ১১ নম্বর ওয়ার্ডের চারটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হচ্ছে বলেও রিটার্নিং কর্মকর্তা মনিরুল জানান।
১৭৮ জন প্রিসাইডিং অফিসার, এক হাজার ৭০ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং দুই হাজার ১৪০ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন এ নির্বাচনে।
বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ ও গণনা শেষে পুলিশ কমিউনিটি হলে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে ঘোষণা করা হবে ফলাফল।
