হরতালে দূরপাল্লার বাস ছাড়েনি, ট্রেন স্বাভাবিক
হরতালের সকালে ঢাকা থেকে দূরপাল্লার বাস ছেড়ে না গেলেও প্রধান সড়কগুলোতে বিআরটিসিসহ নগর পরিবহনের বাস চলছে।
কমিউনিস্টদের বিরুদ্ধে ইসলামী ও সমমনা ১২ দলের নামে ডাকা হরতালে ঢাকার তিনটি বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি।
তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
শহরের বাইরে বাস ছেড়ে না গেলেও ঢাকার প্রধান সড়কগুলোতে বিআরটিসির বাসসহ নগর পরিবহনের বাসগুলো চলছে।
সকাল সাড়ে সাড়ে নয়টা পর্যন্ত সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়তে দেখা যায়নি।
গাবতলী থেকে বিপুল সংখ্যক লোকাল বাস বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।
মিরপুর-১২ নম্বর থেকেও যাত্রীবাহী বাস ছাড়ছে। রাস্তায় অফিসগামী মানুষের বাসের অপেক্ষায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি।
গত মঙ্গলবারের হরতালে বিআরটিসি বাস না চললেও বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকার রাস্তায় বিআরটিসির বাস চলছে।
অটোরিকশার পাশাপাশি কিছু প্রাইভেটকারও চলতে দেখা গেছে।
সকাল থেকে রাজধানীতে যান চলাচল কিছুটা কম হলেও কোথাও পিকেটারদের তৎপরতা দেখা যায়নি।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা সকাল থেকেই নগরীর সড়কগুলোতে সতর্ক অবস্থান নিয়েছে।
সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতাল ডাকা হলেও রাজধানীতে কর্মসূচি চলবে দুপুর পর্যন্ত।
