ফখরুলের জামিন শুনানি ২৪ ডিসেম্বর
অবরোধে সহিংসতার মামলায় গ্রেপ্তার বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের আবেদন শুনানির জন্য ২৪ ডিসেম্বর দিন রেখেছে আদালত।
অবরোধে সহিংসতার মামলায় গ্রেপ্তার বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের আবেদন শুনানির জন্য ২৪ ডিসেম্বর দিন রেখেছে আদালত।
মঙ্গলবার মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. হেলালউদ্দিন এই দিন ঠিক করে দেন।
গত ১০ ডিসেম্বর বিএনপি কার্যালয়ের সামনে থেকে ফখরুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করে অবরোধের দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চাওয়া হয়। তবে ঢাকার হাকিম আদালত হেফাজত ও জামিন আবেদন নাকচ করে ফখরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এখন গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন। এর আগেও হরতালে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় কারাগারে যেতে হয়েছে তাকে।
অবরোধে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ঢাকায় ৩৮টি মামলা হয়, যার প্রায় সবকটিতেই ফখরুলকে আসামি করা হয়েছে।
এর মধ্যে দুটি মামলায় হেফাজতের আবেদন হয়, এর একটির বাদি পুলিশ এবং অন্যটির বাদি ঢাকা সিটি কর্পোরেশনের এক গাড়িচালক।
ফখরুলের বিরুদ্ধে ঢাকা সিটি কর্পোরেশনের গাড়ি ভাংচুরের অভিযোগে পল্টন থানার মামলাটি করেন মো. আয়নাল নামে কর্পোরেশনের এক গাড়িচালক।
এতে ফখরুল ছাড়াও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দুই শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
শেরেবাংলা নগর থানার অপর মামলাটি করেছেন ওই থানার উপপরিদর্শক রুহুল আমিন। এই মামলায়ও ফখরুলের বিরুদ্ধে গাড়ি ভাংচুর, পুলিশের কাজে বাধা দেয়া, হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
