বিশ্বজিত হত্যাকাণ্ডে শাকিল গ্রেপ্তার
বিশ্বজিত দাসের ওপর হামলার ছবিতে চাপাতি হাতে যে যুবককে দেখা যায়, সেই রফিকুল ইসলাম শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিশ্বজিত দাসের ওপর হামলার ছবিতে চাপাতি হাতে যে যুবককে দেখা যায়, সেই রফিকুল ইসলাম শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে বরগুনার বেতাগী উপজেলা থেকে শাকিলকে গ্রেপ্তারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে সহযোগিতা করে বরগুনা ও বরিশাল পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান বিশ্বজিত হত্যাকাণ্ডে জড়িত শাকিলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
বরিশালের বাকেরগঞ্জ থানার ওসি নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, বেতাগীর দেশান্তরকাঠি গ্রামের কাঞ্চন মীরের বাড়ি থেকে শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে।
শাকিলের বাড়ি পটুয়াখালী শহরের ফায়ার সার্ভিস সড়কে। তার বাবা পটুয়াখালী কর কার্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী আনসার আলী শনিবার সকালে মারা গেছেন বলে পটুয়াখালী গোয়েন্দা পুলিশের ওসি জাকির হোসেন ফকির জানিয়েছেন।
শাকিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। বিশ্বজিত হত্যাকাণ্ডের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করেছে।
গত ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় দরজি দোকানি বিশ্বজিতকে।
হামলাকারী হিসেবে যাদের ছবি গণমাধ্যমে এসেছে, তারা ছাত্রলীগের নেতা-কর্মী বলে অভিযোগ রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে ওই অভিযোগ প্রত্যাখ্যান করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর প্রেসচিব আবুল কালাম আজাদ বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বিশ্বজিতের ওপর হামলাকারীরা ছাত্রলীগে অনুপ্রবেশকারী।
শাকিলারা পুরো পরিবার পরিবার বিএনপি সমর্থক দাবি করে তার সপক্ষে তার ভাই সহিদুল ইসলাম শাহিনের পটুয়াখালী পৌর যুবদলে যুগ্ম আহ্বায়কের পদে থাকার তথ্যও তুলে ধরেন প্রেসসচিব।
বিশ্বজিত দাস হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে এই পর্যন্ত ১০ জনের তথ্য পুলিশের কাছ থেকে পাওয়া গেছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও প্রধানমন্ত্রীর প্রেসসচিবের বক্তব্য অনুযায়ী গ্রেপ্তারের সংখ্যা ১১।
গ্রেপ্তার ১১ জনের মধ্যে গণমাধ্যমে চিহ্নিতদের মধ্যে মাহফুজুর রহমান নাহিদের পর শাকিল গ্রেপ্তার হলেন।
মামলার তদন্ত কর্মকর্তা সূত্রপুর থানার এসআই মাহবুবুল আলম আখন্দের দেয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তার অন্যরা হলেন- এইচ এম কিবরিয়া, কাইয়ুম মিয়া টিপু, মামুন অর রশিদ, ফারুক হোসেন, কাজী নাহিদুজ্জামান তুহিন, মোসলেহউদ্দীন মোসলেম, রাশেদুজ্জামান শাওন ও সাইফুল ইসলাম।
শাকিলের মতো নাহিদের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শাস্তি পাওয়া বাকি তিনজন ইমদাদুল হক, নূরে আলম লিমন ও ওবায়দুল কাদের তাহসিনের গ্রেপ্তারের তথ্য এখনো জানা যায়নি।
