২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জে আইসিটি প্রকল্প এলাকায় মন্ত্রণালয়ের প্রতিনিধি দল

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল (আইসিটি) প্রকল্প এলাকা পরিদর্শনে গেছে  সাত আন্তঃমন্ত্রণালয় প্রতিনিধি দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2012, 10:56 AM

Updated : 24 Aug 2022, 12:39 PM

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল (আইসিটি) প্রকল্প এলাকা পরিদর্শনে গেছে  সাত আন্তঃমন্ত্রণালয় প্রতিনিধি দল।

শনিবার দুপুরে প্রতিনিধি দল সদস্যরা আশুগঞ্জ খাদ্য গুদাম সংলগ্ন প্রকল্পের জায়গা পরিদর্শন করেন।

এ প্রকল্পের জন্য রেলওয়ে ও আশুগঞ্জ সার কারখানা কর্তৃপক্ষ জমি ছাড়তে রাজি না হওয়ায় সৃষ্ট জটিলতা নিরসনে এ প্রতিনিধি দল এসেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

প্রতিনিধি দলে ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও প্রকল্পের আহবায়ক মো. আলাউদ্দিন, উপসচিব ও প্রকল্পের সদস্য সচিব মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক মাহমুদ হাসান সেলিম, শিল্প মন্ত্রণালয়ের উপসচিব জিয়াউর রহমান খান, বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আহমাদুল হক, বিসিআইসি’র মহাব্যবস্থাপক (নির্মাণ) মো. নজরুল ইসলাম, আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ ও খাদ্য অধিদপ্তরের পরিচালক শেখ জাকির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. খলিলুর রহমান এবং আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন।

প্রকল্পের সদস্য সচিব মো. শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, এ প্রকল্পে প্রায় ৬’শ কোটি টাকা ব্যয় করা হবে। এর মধ্যে টার্মিনাল নির্মাণের ব্যয় ধরা হয়েছে আড়াইশ’ কোটি টাকা।

তিনি বলেন, প্রকল্পের জন্য দরকার হবে প্রায় ২৯ একর জমি। এর মধ্যে ১৭ একর জনসাধারণের কাছ থেকে এবং বাকি ১২ একর অধিগ্রহণ করা হবে আশুগঞ্জ সার কারখানা, খাদ্য গুদাম ও রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে।

এদিকে রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আহমাদুল হক বলেন, আইসিটির জন্য প্রস্তাবিত ২৯ একর জায়গার মধ্যে রেলওয়ের জায়গা থেকে নেয়ার কথা ৩ দশমিক ৮৫ একর।

“কিন্তু ওই পরিমাণ জমি আপাতত দেয়া যাবে না। কারণ, দ্বিতীয় রেল সেতুর জন্য সেখানে স্টেক নির্মাণে অনেক জায়গার প্রয়োজন,” বলেন তিনি।

এছাড়া আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) আনোয়ার হোসেন বলেন, “ওই প্রকল্পে আমাদের জায়গার পরিমাণ ৩ দশমিক ১৯ একর। সার কারখানার ট্রাক ইয়ার্ড সম্প্রসারণ কাজ ও সরকারের প্রস্তাবিত দ্বিতীয় কারখানা নির্মাণ হলে আমাদের এই পরিমাণ জায়গা ছেড়ে দেয়া সম্ভব হবে নয়।”

এ ব্যাপারে শহীদুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। ভূমি তো সবই সরকারের। সুতরাং জায়গা নিয়ে কোনো সমস্যা হবে না।

তবে, ভূমি অধিগ্রহণের কারণে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও খেয়াল রাখা হবে।