‘যতোদূর এগিয়েছে, সেখান থেকেই শুরু’
পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) কার্যক্রম আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) কার্যক্রম আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, “পুনর্গঠনের সিদ্ধান্তের প্রজ্ঞাপন জারির পর পরবর্তী কর্মদিবসেই এ আদালত কার্যক্রম শুরু করবে। এক্ষেত্রে আগের বিচারক যেখানে শেষ করেছেন সেখান থেকেই নতুন পুনর্গঠিত আদালত কার্যক্রম শুরু করবে।”
স্কাইপে এক ব্যক্তির সঙ্গে কথিত কথপোকথন নিয়ে বিতর্কের মুখে মঙ্গলবার পদত্যাগ করেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এর প্রধান বিচারপতি নিজামুল হক নাসিম।
তার পদত্যাগের পর ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরকে ট্রাইব্যুনাল-১ এর দায়িত্ব দেয়া হয়। আর ট্রাইব্যুনাল-২ সদস্য বিচারপতি ওবায়দুল হাসানকে ওই ট্রাইব্যুনালের চেয়ারম্যান করা হয়। দ্বিতীয় ট্রাইব্যুনালের শূন্য পদে নিয়োগ দেয়া হয় হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি মো. মজিবুর রহমান মিয়াকে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে বৃহস্পতিবারই আইন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে।
বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন আদালতের কার্যক্রম তামাদি হয়েছে দাবি করে বিএনপি নেতা মওদুদ আহমেদ এবং জামায়াতে ইসলামীর নেতা আব্দুর রাজ্জাক নতুন করে বিচার শুরুর যে দাবি জানিয়েছেন তা ‘পাগলের প্রলাপ’ বলে মন্তব্য করেন আইন প্রতিমন্ত্রী।
কামরুল ইসলাম বলেন, “বিচার প্রক্রিয়া নতুন করে শুরু করার কোনো সুযোগ নেই। আইসিটি আইনের ৬ ধারায় তা স্পষ্ট করে বলা আছে, বিচারক চাইলে নতুন করে যুক্তিতর্ক শুনতে পারেন- তবে তা বাধ্যতামূলক নয়। বিচার কার্যক্রম যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু হবে। বিচারক বদলি আমাদের নিয়মিত ঘটনা, হরহামেশাই হচ্ছে।”
তিনি বলেন, “মওদুদ ও রাজ্জাক ছাড়া অন্য কেউ নতুন করে এ বিচার শুরুর কথা বলেননি। তার চান বিচার প্রক্রিয়াকে প্রলম্বিত করে যুদ্ধাপরাধীদের রক্ষা করতে। কিন্তু দেশের মানুষ চায়, দ্রুত এই অপরাধীদের বিচার শেষ হোক।”
“এজন্য জনগণের পক্ষ থেকে সরকারের ওপর চাপও আছে। সরকারও জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে।”
বিচারপতির কথা-বার্তা গোপনে ধারণ ও পত্রিকায় প্রকাশের দায়ে ‘আমার দেশ’ পত্রিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া যায় কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
বাইরের লোকের সঙ্গে বিচার প্রক্রিয়ার বিষয়ে আলোচনা করায় বিরোধী দলের দাবি অনুযায়ী বিচারপতি নিজামুল হকের বিচারের কোনো উদ্যোগ নেয়া হবে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “বিচার প্রক্রিয়া এবং রায়ের বিষয়ে অভিজ্ঞ কারো সঙ্গে আলোচনা করে তিনি অপরাধ করেছেন বলে মনে হয় না। তাই তার বিচারের দাবিও অযৌক্তিক।”
