২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরাগ অপহরণ: আমির ফের রিমান্ডে

কেরানীগঞ্জের স্কুলছাত্র শিশু পরাগ মণ্ডল অপহরণ মামলার মূল আসামি আমির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আবারো হেফাজতে পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 04:06 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরানীগঞ্জের স্কুলছাত্র শিশু পরাগ মণ্ডল অপহরণ মামলার মূল আসামি আমির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আবারো হেফাজতে পেয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক মনিরুল ইসলামের আবেদনে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৈয়বুল হাসান সোমবার রিমান্ডের এই আদেশ দেন। তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের জন্য হেফাজতে চাইলেও আদালত তিন দিন হেফাজতের আদেশ দিয়েছে। রিমান্ড আবেদনের শুনানি করেন ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল। আমির হোসেনের পক্ষে কোনো আইনজীবী ছিল না। আমির নিজেই হেফাজত আবেদনের বিরোধিতা করেন। কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেন, “আমি অসুস্থ। আমার মাথা থেকে গুলি বের করা হয়েছে। আরো একটি গুলি বাকি রয়েছে।” এর আগে ২৯ নভেম্বর তাকে ১০ দিনের হেফাজতে নেওয়া হয়েছিল। ওই সময়সীমা শেষ হওয়ার পর নতুন করে হেফাজতের আবেদন করে পুলিশ। গত ১১ নভেম্বর স্কুলে যাওয়ার পথে দক্ষিণ কেরানীগঞ্জের পশ্চিম শুভাঢ্যা এলাকায় মা ও বোনকে গুলি করে প্রথম শ্রেণীর ছাত্র পরাগকে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। অপহরণের তিনদিন পর কেরানীগঞ্জের আঁটিবাজারে প্রায় অচেতন অবস্থায় পাওয়া যায় পরাগকে। তাকে মুক্তিপণের বিনিময়ে ছাড়িয়ে আনা হয় বলে র‌্যাব দাবি করলেও পুলিশের বক্তব্য, চাপের মুখে শিশুটিকে ছেড়ে দেয় অপহরণকারীরা। পরাগকে উদ্ধারের পর অপহরণে জড়িত সন্দেহে আমিরসহ আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে জাহিদুল, কালা চাঁন ও আলী ওরফে রিফাত আদালতে জবানবন্দি বলেন, অপহরণ পরিকল্পনার ‘হোতা’ ছিলেন আমির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/২১৫৫ ঘ.