বরিশাল, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবারের হরতালের সমর্থনে বরিশাল নগরীতে মিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
সদর রোড, গীর্জামহল্লা, কাটপট্টি এলাকায় সোমবার বিকালে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে অন্তত চার জন আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির নেতাকর্মীরা নগরীর বিভিন্ন সড়কে হরতালের সমর্থনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকলে পুলিশ তাতে বাধা দেয়।
এ সময় নেতাকর্মীরা বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়ে পুলিশের দিকে ইট-পাটকেল মারতে থাকে। পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে।
কোতোয়ালি মডেল থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলের চেষ্টা করলে লাঠিপেটা, ২৫ রাউন্ড রাবার বুলেট ও ২৫টি কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করা হয়।
বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মহানগর বিএনপির সাধারন সম্পাদক কামরুল আহসান শাহীন অভিযোগ করেন, হরতালের সমর্থনে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১০৫ ঘ.
bdnews24