২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে যুবক আটক, সড়ক অবরোধ

যশোরের ঝিকরগাছা উপজেলায় আটক এক যুবকের মুক্তির দাবিতে ছাত্রলীগ ও যুবলীগ সমর্থকদের বিরুদ্ধে সড়ক অবরোধের অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 10:43 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

যশোর, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের ঝিকরগাছা উপজেলায় আটক এক যুবকের মুক্তির দাবিতে ছাত্রলীগ ও যুবলীগ সমর্থকদের বিরুদ্ধে সড়ক অবরোধের অভিযোগ উঠেছে। সোমবার ঝিকরগাছা বাজারে এ অবরোধে রাস্তায় বহু যানবাহন আটকে যায়। এ সয় রাস্তায় টায়ার জ্বালানো এবং কয়েকটি দোকান ভাংচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। ঝিকরগাছা থানার ওসি হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খুলনার একটি আদালতে ফেনসিডিল মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাজুকে সকাল ১০টার দিকে আটক করা হয়। রাজু উপজেলার কৃষ্ণনগর গ্রামের প্রয়াত রবিউল সরদারের ছেলে। পুলিশ কর্মকর্তা আরো বলেন, তাকে আটককের পর যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী থানা থেকে তাকে ছাড়িয়ে আনার তদবির করে ব্যর্থ হন। পরে যুবলীগ ও ছাত্রলীগের কিছু সমর্থক ঝিকরগাছা বাজারে গিয়ে কয়েকটি দোকান ভাংচুর করে ও রাস্তার উপর টায়ার জ্বালিয়ে অবরোধ দেয়। পুলিশ কর্মকর্তা আরো বলেন, রাজুর বিরুদ্ধে ঝিকরগাছা থানায় চারটি ও বেনাপোল বন্দর থানায় একটি মামলা রয়েছে। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান আটক রাজুকে ছাত্রলীগকর্মী দাবি করে বলেন, পুলিশ তাকে আটকের সময় মহিলাদের লাঞ্ছিত করায় সড়ক অবরোধ করা হয়। যুবলীগ সভাপতি মনিরুল ইসলাম বলেন, রাজুকে মুক্ত করতে নয়। এলাকায় পুলিশের সঙ্গে যে ধস্তাধস্তি হয়েছে সেজন্য ‘সরি’ বলতে তিনি থানায় গিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৩০ ঘ.