২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশায় ফেরি পারাপার বিঘ্নিত

প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া ও মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে চার ঘাটে সৃষ্টি হয়েছে গাড়ির দীর্ঘ জট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 03:47 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

মুন্সীগঞ্জ/রাজবাড়ী/মাদারীপুর/মানিকগঞ্জ, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া ও মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। বিরোধী দলের অবরোধের পরদিন এই বিরূপ আবহাওয়ার কারণে বহু যানবাহনকে রাতভর গুরুত্বপূর্ণ এই চারটি ঘাটে পারাপারের অপেক্ষায় থাকতে দেখা যায়। শীতের মধ্যে ভোগান্তি পোহাতে হয় কয়েক হাজার যাত্রীকে। বিআইডব্লিউটিসির মাওয়া ঘাটের ব্যবস্থাপক সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘন কুয়াশার কারণে দৃষ্টি সীমা কমে আসায় রোববার রাত ১০টা থেকে কাওড়াকান্দির সঙ্গে পারাপার বন্ধ হয়ে যায়। কুয়াশা কিছুটা কমে আসার পর সোমবার সকাল ১০টার দিকে এই নৌপথে ফেরি পারাপার আবার শুরু হয়। কাওড়াকান্দি ঘাটে বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক আবদুল বাতেন জানান, কুয়াশার তীব্রতায় দুটি ফেরি রাতে মাঝ পদ্মায় নোঙর করে থাকতে বাধ্য হয়। এছাড়া কাওড়াকান্দি ও মাওয়া ঘাটে আরো ১০টি ফেরি যানবাহন নিয়ে পারাপারের অপেক্ষায় থাকে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ হয়ে যায় রোববার রাত পৌনে ১১টার দিকে। কুয়াশা কমার পর পারাপার আবার শুরু হতে হতে সকাল ১০টা বেজে যায়। এ দুটি ঘাটের দায়িত্বে থাকা বিআইডব্লিউটিসির সহকারী মহা ব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, অতিরিক্ত কুয়াশার কারণে মাস্টাররা ফেরি চালানো নিরাপদ মনে না করায় রাতে পারাপার বন্ধ রাখা হয়। ওই সময়ে মাঝনদীতে একটি এবং দুই ঘাটে আরো নয়টি ফেরি নোঙর করা থাকে। আরিচা ঘাটে বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘ সময় পারাপার বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে বাস-ট্রাকসহ পাঁচ শতাধিক গাড়ি আটকা পড়ে। দৌলতদিয়া ঘাটেও প্রায় একই অবস্থা সৃষ্টি হয়। কুয়াশার কারণে শনিবার রাতেও ফেরি ও লঞ্চ চলাচল ব্যাহত হয়। মাওয়া-কাওড়াকান্দি রুটের একটি ফেরিতে আটকা পড়েছিলেন নৌমন্ত্রী শাজাহান খানও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১০৯ ঘ.